ভারতীয় সমর্থকদের হয়ে স্মিথের কাছে ক্ষমা চাইলেন কোহলি

কয়েকদিন আগেই ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সমালোচনা করেছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। টিম ইন্ডিয়ার অধিনায়ককে ‘অপরিপক্ব’ বলতেও ছাড়েননি তিনি। এই অপবাদ যে ঠিক নয় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে প্রমাণ দিলেন কোহলি। ভারতীয় সমর্থকদের দুয়োর শিকার স্টিভেন স্মিথকে রক্ষায় এগিয়ে এলেন তিনি। নিজ দেশের সমর্থকদের হয়ে ক্ষমা চেয়েছেন অজি এই ক্রিকেটারের কাছে।

ঘটনাটি ঘটে রোববার লন্ডনের কেনিংটন ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ব্যাটিংয়ের সময়। স্টেডিয়ামের ভক্সহল প্রান্তে সীমানার কাছে ফিল্ডিং করছিলেন বল টেম্পারিংয়ের দায়ে দীর্ঘদিন নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলে ফেরা স্মিথ। ভারতীয় সমর্থকরা তাকে বার বার দুয়ো দিচ্ছিল তাকে। ‘প্রতারক’ বলেও চিৎকার করছিলেন কেউ কেউ। বিব্রতকর এক অবস্থা।

তখন ব্যাট করছিলেন কোহলি। স্মিথকে কটাক্ষ করে ভারতীয় সমর্থকদের দুয়ো কানে আসছিলো তার। প্রতিপক্ষ খেলোয়াড়কে নিয়ে সমর্থকদের এমন আচরণ মেনে নিতে পারেননি কোহলি। নিলেন তাৎক্ষণিক পদক্ষেপ। গ্যালারির ওই অংশটার দিকে ছুটে যান ক্ষুব্ধ ভারত অধিনায়ক। ইশারায় জানিয়ে দেন, স্মিথকে দুয়ো না দিতে। বরং তার উদ্দেশে হাততালি দেওয়ার আহ্বান জানান কোহলি।

ম্যাচটিতে ৩৬ রানের জয় পায় ভারত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্মিথ প্রসঙ্গেও কথা বলেন কোহেলি। জানান, ভারতীয় সমর্থকদের হয়ে অজি এই ক্রিকেটারের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

“সে তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছে এবং আবারো ক্রিকেটে ফিরেছে। এমনিতেই তার মন মরা। তাকে দুয়ো দেওয়াটা ঠিক না। চাইনি ভারতীয় সমর্থকরা বাজে নজির তৈরি করুক। দুয়ো প্রাপ্য না সে। তাই সমর্থকদের হয়ে আমি তার কাছে ক্ষমা চেয়েছি।”