বেনাপোলে রাজস্ব ঘাটতি ১৪১৫ কোটি টাকা

চলতি অর্থবছরের ১০ জুন পর্যন্ত বেনাপোল কাস্টমস হাউজে  লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ৪১৫ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, রাজস্ব ফাঁকি রোধে বেনাপোল কাস্টমস হাউজ থেকে দ্রুত পণ্য খালাসে নতুন নির্দেশনা জারির কারণে রাজস্ব কমেছে।

বেনাপোল কাস্টমসে চলতি অর্থবছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ১৮৫ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৩ হাজার ৭৭০ কোটি টাকা। এ হিসাবে রাজস্ব ঘাটতি ১ হাজার ৪১৫ কোটি টাকা।

কাস্টমস কমিশনার মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরীর জারি করা নির্দেশনা অনুযায়ী দিনের রাজস্ব দিনে আদায় করতে হবে। আর রাজস্ব আদায়ে কোনো কর্মকর্তা ব্যবসায়ীদের হয়রানি করলে তাকে তাৎক্ষণিক বরখাস্ত করার কথাও বলা হয়েছে। আমদানি-রপ্তানির গতি বাড়াতে যৌথভাবে কাজ শুরু করেছে ভারত ও বাংলাদেশ। উচ্চ শুল্কের পণ্য পরীক্ষণ কার্যক্রম দ্রুত সম্পাদনে লোকবল বাড়ানো হয়েছে। এতে গত দুই দিনে বেনাপোল বন্দর দিয়ে বেড়েছে আমদানি। গত রবিবার আমদানি হয় ৪৮৭ ট্রাক পণ্য। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত  ৪২০ ট্রাক পণ্য আমদানি হয়েছে। 

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে কাস্টমস কর্তৃপক্ষ অনেক আইনি পরিবর্তন এনেছে। বন্দর থেকে উচ্চশুল্কের পণ্য দ্রুত খালাস করতে ব্যবসায়ীদের আহ্বান জানানো হয়েছে। সে লক্ষ্যে ব্যবসায়ীরা কাজ করে যাচ্ছেন। 

বেনাপোল কাস্টমস কমিশনার মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী জানান, ভারত ও বাংলাদেশে নির্বাচন ও ঈদের লম্বা ছুটির কারণে কম রাজস্ব আদায় হয়েছে। তবে জুনে রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।