প্রাথমিকে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ হবে

প্রাথমিক স্তরে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ এবং শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী জুলাই মাস থেকে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

মন্ত্রণালয় থেকে জানা গেছে, সারা দেশে বর্তমানে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। যাতে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় আড়াই কোটি শিক্ষার্থী পড়ালেখা করছে। এসব বিদ্যালয়ে শিক্ষক আছেন প্রায় সাড়ে তিন লাখ। এরই মধ্যে ৫৫টি জেলায় প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যিনি যে বিষয় পড়াতে আগ্রহী তিনি সে বিষয়ে প্রশিক্ষণ নেন। বিষয়ভিত্তিক শিক্ষক তৈরিতে শিক্ষকদের মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে।

বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘প্রাথমিকের শিক্ষকদের অনেক সময় সব বিষয় পড়াতে হয়। কিন্তু সবাই সব বিষয়ে দক্ষ হয় না। এ কারণেই তাদেরকে বিষয়ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে বাংলা, ইংরেজি ও অঙ্কে দক্ষ করা হবে। এরপর তারা সম্পূরক বিষয়ে ক্লাস নেবেন। তবে বিজ্ঞানের জন্য বিষয়ভিত্তিক আলাদা শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ কারণে শিক্ষক নিয়োগ নীতিমালায় আলাদাভাবে বিজ্ঞান বিষয়ের শিক্ষক নিয়োগের বিষয়টি যুক্ত করা হয়েছে।’

সচিব বলেন, ‘তিন ক্যাটাগরিতে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ শিক্ষক তৈরির জন্য প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়েছে। এর মাধ্যমে বাংলা, সমাজ ও ধর্ম বিষয়ে একজন, বিজ্ঞান বিষয়ে একজন ও ইংরেজি বিষয়ে একজন করে শিক্ষকের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’