চাঁদপুরে বাস ও অটোরিকশার সংঘর্ষে এক যুবক ও তার ভাগ্নি নিহত হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় সদর উপজেলার আশকাটি ইউনিয়নের গাবতলী এলাকার চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এমরান হোসেন (৩৪) হাজীগঞ্জ পৌর এলাকার বলাখাল গ্রামের সর্দার বাড়ির মো. তাজুল ইসলামের ছেলে এবং সোস্যাল ইসলামী ব্যাংকের গাজীপুর শাখার কর্মকর্তা ছিলেন। তার ভাগ্নি ফাতেমা আক্তার (১০) একই এলাকার মো. আলমগীর হোসেনের মেয়ে।
চাঁদপুর মডেল থানার এসআই রেজাউল করিম জানান, হাজীগঞ্জ থেকে চাঁদপুরগামী অটোরিকশাটির সঙ্গে বিপরীতমুখী পদ্মা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী এমরান নিহত এবং ফাতেমা আহত হয়। ফাতেমাকে চাঁদপুরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।