অনলাইনে এখন টিকটকের জয়জয়কার।এবার সবচেয়ে বেশিবার ডাউনলোড হওয়া অ্যাপের মধ্যে সামনের সারিতেই অবস্থান করছে চীনা এই প্রতিষ্ঠান। সম্প্রতি এই সংস্থাটি নিজেদের স্মার্টফোন বাজারে নিয়ে আসারও ঘোষণা দিয়েছে। এই ভিডিও অ্যাপটির জনপ্রিয়তা বেশ চিন্তায় ফেলে দিয়েছে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপগুলোকেও।
টিকটককে টক্কর দিতে এবার প্রতিযোগিতায় নামল ফেইসবুক বস মার্ক জাকারবার্গের মালিকানাধীন ইনস্টাগ্রামও। ছবি ও ভিডিও শেয়ারিংয়ের এই সামাজিক মাধ্যমটি এবার নিয়ে এল নতুন অ্যাপ ‘অনস্ক্রিন লিরিক্স ফিচার’।
গত শনিবার ইনস্টাগ্রাম নিজস্ব টুইটার অ্যাকাউন্ট থেকে এক ঘোষণায় জানায়, তাদের নতুন এই ফিচারে মিউজিকের মাধ্যমে ইনস্টা স্টোরিতে গানের লিরিক ব্যবহার করা যাবে।
মার্কিন গায়িকা বিলি এলিস প্রথম এই ফিচারটি ব্যবহার করেন এবং সেটি তার ইনস্টা স্টোরিতে আপলোড করেন।
নতুন এই ফিচারটি ব্যবহার করার জন্য সবার আগে ইনস্টাগ্রাম অ্যাপটি আপডেট করতে হবে। এরপর ‘মিউজিক লেন্স’ টাইপ সিলেক্ট করে ইনস্টা স্টোরির জন্য শুটিং করতে হবে অথবা নর্মাল ফিল্টারে শ্যুট করে এতে ‘মিউজিক স্টিকার’ ব্যবহার করতে হবে।
মিউজিক লেন্স টাইপে কোনো গান পছন্দ করলে সেই গানের লিরিক যদি ইনস্টা মিউজিকে থেকে থাকে, নিজ থেকেই সেটি ফোনের স্ক্রিনে চলে আসবে। এ ছাড়া নিজের পছন্দ মতো গানের অংশ বেছে নেওয়াও যাবে এবং লিরিকের স্টাইলও বদলাতে পারবে ব্যবহারকারীরা।
তবে শুধু ব্যবহারকারী নয়, যারা এ স্টোরি দেখবে তাদের জন্যও রয়েছে নানা ফিচার। অন্যদের স্টোরি দেখতে দেখতে কারও গান সম্পর্কে জানতে চাইলে, স্ক্রিনে ক্লিক করলেই সেই গানের শিল্পী ও অন্যান্য অ্যালবামের খোঁজ পাওয়া যাবে। তবে এখন পর্যন্ত উপমহাদেশে এই সুবিধা পেতে আরও কিছুদিন লেগে যেতে পারে।