রাজবাড়ী থেকে রাজশাহীগামী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের কাছ থেকে ঘুষ গ্রহণ ও অনিয়মের অভিযোগে রাজবাড়ী রেলওয়ে থানার সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) আসাতুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।
রেলওয়ে থানার ওসি আকবর হোসেন জানান, রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গতকাল মঙ্গলবার ওই এএসআইকে শাস্তিমূলকভাবে রাজবাড়ী থেকে প্রত্যাহার করে পাকশী সার্কেলে নেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থেকে রাজশাহীগামী ওই ট্রেনের কর্তব্যরত পরিচালক মো. রাজু আহম্মেদ জানান, গত রবিবার ওই ট্রেনে দায়িত্ব পালনকালে পুলিশের ওই কর্মকর্তা টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়সহ বেশ কিছু অনিয়ম করে। বিষয়টি রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কে বা কারা অবগত করার পর এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।