কৃষিতে প্রতিবন্ধীদের পূর্ণ সুযোগ-সুবিধা ও ধানসহ সব কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছে প্রতিবন্ধী কৃষকরা।
গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে নীলফামারী জেলা শহরের চৌরঙ্গী মোড়ে প্রতিবন্ধী কৃষকদের সংগঠন সমন্বিত কৃষক ফোরাম নীলফামারীর আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলার প্রতিবন্ধী কৃষকসহ অন্য কৃষক সংগঠনের নেতারা অংশ নেন।
মানববন্ধন শেষে সেখানে সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা কৃষিপণ্যের ন্যায্য দাম নিশ্চিত করার পাশাপাশি কৃষিতে প্রতিবন্ধীদের সহায়তা প্রদান এবং প্রতিবন্ধীবান্ধব কৃষি উপকরণ প্রদানের আহ্বান জানান। সমাবেশে নীলফামারী সমন্বিত কৃষক ফোরামের আহ্বায়ক আসাদুল হক যাদু মিয়া সভাপতিত্ব করেন।