ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও তৃণমূল কংগ্রেসের (টিএমসি) সমর্থকদের মধ্যে সহিংসতায় অন্তত তিনজন নিহত হয়েছে বলে রাজ্যের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে এএফপি।
রাজ্যের ক্ষমতাসীন দল টিএমসি ও কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি সহিংসতার জন্য একে অপরকে দায়ী করছে। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর এক সপ্তাহ ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক সহিংসতা বেড়েই চলছে।
রাজ্যের এক পুলিশ কর্মকর্তা বলেন, গত ৪৮ ঘণ্টায় হাওড়া জেলার একটি গাছে বিজেপির দুই কর্মীর ঝুলন্ত দেহ পাওয়া যায়। গত সোমবার কলকাতার পূর্বাঞ্চলে এক হাতবোমা বিস্ফোরণে টিএমসির
এক কর্মী নিহত হয়।
গত শনিবার রাজ্যের সন্দেশখালী জেলায় বিজেপি ও তৃণমূলের কর্মীদের মধ্যে বন্দুকযুদ্ধে ৪ জন নিহত ও ১৮ জন আহত হয়। এত দিন পার্টি হিসেবে বিজেপির আধিপত্য ছিল হিন্দি ভাষাভাষী অঞ্চলগুলোতে। কিন্তু এবারের লোকসভা নির্বাচনে হিন্দি ভাষাভাষী অঞ্চল ছাড়াও অন্যত্র তাদের আধিপত্য বিস্তার লাভ করেছে; বিশেষ করে পশ্চিমবঙ্গে দলটির আসনসংখ্যা বেড়েছে আগের তুলনায়।
সন্দেশখালীর ঘটনায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে পশ্চিমবঙ্গে। এর মধ্যেই গতকাল মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের সময় বিজেপির সমর্থকদের হাতে ভাঙচুরের শিকার বিদ্যাসাগরের নতুন ভাস্কর্যের উদ্বোধন ও র্যালি করেন।
গত মাসে কলকাতায় বিজেপির এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়। এ ছাড়া গত ফেব্রুয়ারি মাসে তৃণমূলের এক এমপিকে গুলি করে হত্যা করা হয়। মূলত ওই হত্যাকাণ্ডের পরই রাজ্যের পরিস্থিতি ক্রমশ অস্থিতিশীল হয়ে ওঠে।
ভারতে তীব্র গরমে ট্রেনে চার যাত্রীর মৃত্যু : ভারতের উত্তর প্রদেশের ঝাঁসিতে একটি যাত্রীবাহী ট্রেনে তীব্র গরমে চার যাত্রীর মৃত্যু হয়েছে। কেরালা এক্সপ্রেস নামের ট্রেনটির অন্য এক যাত্রীর অবস্থাও আশঙ্কাজনক। তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। গতকাল মঙ্গলবার এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত সোমবার সন্ধ্যায় কেরালা এক্সপ্রেসে ছিলেন ওই ব্যক্তিরা। শারীরিক অস্বস্তির কথা বলছিলেন তারা। ট্রেনটি ঝাঁসি পৌঁছানোর আগেই তারা মারা যান। ঝাঁসি স্টেশনে মরদেহগুলো নামিয়ে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
ওই যাত্রীরা আগ্রা থেকে কোয়েম্বাটুরগামী ট্রেনের এস-৮ ও এস-৯ কোচে ছিলেন। ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার নীরজ অম্বিশট বলেন, ময়নাতদন্তের পর মরদেহগুলো মঙ্গলবার কোয়েম্বাটুরে পাঠানো হবে।
মৃত ব্যক্তিরা ৬৮ সদস্যের একটি দলের সঙ্গে বারানসি ও আগ্রা ভ্রমণ করে ফিরছিলেন। দলের এক সদস্য বলেন, আগ্রা ছাড়ার পর গরম অসহ্য হয়ে উঠতে থাকে। কয়েকজন শ্বাসকষ্ট ও শারীরিক অস্বস্তির অভিযোগ জানাতে থাকেন। কিন্তু কোনো সাহায্য পাওয়ার আগেই তারা মারা গেলেন। মৃত ব্যক্তিরা হচ্ছেন বুন্দুর পালানিসেম (৮০), বালকৃষ্ণ রামস্বামী (৬৯), ছিন্নারে (৭১) ও ধিভা নাই (৭১)। এ ছাড়া সুব্বারাইয়া (৭১) নামের এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।