কাল বাজেট পেশ, পাস ৩০ জুন

একাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন (সংসদের তৃতীয় অধিবেশন) শুরু হয়েছে গতকাল। এই অধিবেশনে কাল বৃহস্পতিবার ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করা হবে। প্রস্তাবিত এই বাজেট পাস হবে ৩০ জুন। অধিবেশন চলবে ১১ জুলাই পর্যন্ত।

গতকাল মঙ্গলবার বিকেল ৫টায়

 স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে চলতি সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর পর স্পিকার অধিবেশনের সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেন। সাধারণত স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা সংসদ পরিচালনা করেন। এ অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন রফিকুল ইসলাম, এবি তাজুল ইসলাম, হাবিবে মিল্লাত, কাজী ফিরোজ রশীদ ও মেহের আফরোজ চুমকি।

পরে স্পিকার সাবেক সাংসদ এ বি এম তালেব আলী, ব্যারিস্টার আমিনুল হক, আবদুল আলী মৃধা, আবদুল মজিদ মাস্টার ও এ কে এম বজলুল করিমের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেন। এ ছাড়া বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানার ভাশুর রফিক আহমেদ সিদ্দিক, নাট্যকার অধ্যাপক মমতাজউদদীন আহমদ, বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী, কবি হায়াৎ সাইফ, নজরুলসংগীত শিল্পী খালিদ হোসেন, কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশের অতিরিক্ত আইজি রৌশন আরা, অভিনেতা আনিসুর রহমান, সালেহ আহমেদ এবং অভিনেত্রী মায়া ঘোষের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। এ ছাড়া ঘূর্ণিঝড় ফণীর আঘাতে, রাশিয়ায় বিমান দুর্ঘটনায় এবং দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে শোক প্রকাশ করা হয়।

শোক প্রস্তাব উত্থাপনের পর মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সাংসদ ফরিদুল হক খান।

অধিবেশন চলবে ১১ জুলাই পর্যন্ত

সংসদ অধিবেশন শুরুর আগে এর মেয়াদ নিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে বসে কার্য উপদেষ্টা কমিটি। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বৈঠকে উপস্থিত ছিলেন।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১১ জুলাই পর্যন্ত অধিবেশন চলবে। প্রতিদিন বেলা ৩টায় অধিবেশন শুরু হবে। ২২ ও ২৯ জুন সাপ্তাহিক বন্ধের দিনও সংসদের বৈঠক বসবে। সংসদে ১৬ জুন ২০১৮-১৯ বছরের সম্পূরক বাজেট নিয়ে আলোচনা হবে। ১৭ জুন পাস হবে সম্পূরক বাজেট। ১৮ জুন থেকে শুরু হবে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা। আর বাজেট পাস হবে ৩০ জুন।