দিনাজপুরের বিভিন্ন রাস্তায় দেখে গেছে ধান মাড়াইয়ের কাজ করতে। স্যালো মেশিনচালিত ইঞ্জিনে ধান মাড়াই করছেন বোরো ধান চাষিরা। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ পথচারীরা। ধান মাড়াইয়ের ধুলাবালি ও খড়ের টুকরা চোখে পড়ার অভিযোগও করেছেন সড়কে যাতায়াতকারী কয়েকজন যাত্রী।
বিশেষ করে দিনাজপুরের সদর উপজেলার রানীগঞ্জ-রামডুবু সড়ক, চিরিরবন্দর উপজেলার পার্বতীপুর সড়ক, খানসামা উপজেলার ভূষিরবন্দর-খানসামা সড়ক, পার্বতীপুর-ফুলবাড়ী সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দেখা যায় ধান মাড়াই করতে।
ব্যস্ততম এসব সড়কে ধান মাড়াই করার ফলে অনেকেই যাতায়াতে অসুবিধার মধ্যে পড়েন। রানীগঞ্জ থেকে রামডুবি যাওয়ার পথে রাজু আহমেদ বলেন, “রাস্তায় ধান মাড়াই করার সময় আমি মোটরসাইকেলে যাচ্ছিলাম। এমন সময় হঠাৎ আমার চোখে খড়ের টুকরা পড়ে। পরে এর জন্য আমাকে ডাক্তার দেখাতে হয়েছে।”
তবে সাধারণ পথযাত্রীদের অভিযোগ থাকলেও ধান মাড়াইকারীরা বলছেন, “আমরা অল্প সময়ের জন্য রাস্তায় ধান মাড়াই করি। এতে সাময়িক একটু ক্ষতি হলেও আমাদের অন্য কোনো উপায় নেই।”
রাস্তায় ধান মাড়াই করছেন মো. আলতাফ হোসেন। তিনি বলেন, “আমার জমি বাড়ি থেকে অনেক দূরে। আবার ধান মাড়াইয়ের মেশিনও বাড়ির ওদিকে যেতে চায় না। তাই উপায় না পেয়ে রাস্তায় ধান মাড়াই করে বাড়িতে নিয়ে যাচ্ছি।”
এ বিষয়ে সদর উপজেলা কৃষি অফিসার আকলিমুজ্জামান বলেন, “ধান মাড়াইয়ের কাজ যদিও শেষের দিকে তারপরেও অনেক জায়গায় আমিও দেখেছি রাস্তায় ধান মাড়াই করতে। এটা যদিও ঠিক না কিন্তু অনেক কৃষক হয়ত উপায় না পেয়েই এই কাজটা করছেন।” রাস্তায় ধান মাড়াই যাতে কৃষকেরা না করেন সে জন্য সবার কাছে তিনি আহ্বান জানান।