পাবনায় রাস্তা পার হতে যাওয়া এক নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী চাচা-ভাতিজা নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার ডিসি রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার বলরামপুর গ্রামের আমিন প্রামানিকের ছেলে হাফেজ ওয়ালিদ (২২) ও একই গ্রামের শফিক প্রামানিকের ছেলে প্রান্ত হোসেন (১৬)। তারা সম্পর্কে আপন চাচা-ভাতিজা।
নিহত প্রান্তর বড় ভাই পিয়াস হোসেন জানান, সকালে সদর গোরস্তানে এক আত্মীয়ের জানাজা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন চাচা ওয়ালিদ ও ভাতিজা প্রান্ত। পথে জেলা প্রশাসকের বাংলোর সামনের সড়কে রাস্তা পার হতে যাওয়া এক নারীকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তারা গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুল হক জানান, বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।