সিরিয়াল কিলার জ্যাকুলিন!

নতুন মাধ্যম নেটফ্লিক্সকে বলিউডের অনেক তারকাই আপন করে নিচ্ছেন। সেই তালিকার নতুন সংযোজন শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ। এবার তাকে দেখা যাবে নেটফ্লিক্সের ‘মিসেস সিরিয়াল কিলার’ থ্রিলারের মুখ্য ভূমিকায়। ‘মিসেস সিরিয়াল কিলার’ একজন স্ত্রী, যার স্বামীকে ষড়যন্ত্র করে সিরিয়াল কিলার বানানো হয়। স্বামীকে দোষী প্রমাণ করতে যারা তার স্বামীর বিরুদ্ধে সেই মিথ্যা মামলায় যুক্ত ছিলেন, তাদের একে একে হত্যা করবেন জ্যাকুলিন। এমনই সাদা, কালো আর রহস্যে ঘেরা চরিত্র তার। জ্যাকুলিন এই থ্রিলারের ‘ফার্স্ট লুক’ প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে। সেখানে এই প্রজেক্টের বিষয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন ভক্ত আর অনুসারীদের। অন্যদিকে ‘এক্সিবিট’ ম্যাগাজিনের সঙ্গে তার এই চরিত্রের বিষয়ে বিস্তারিত কথা বলেছেন তিনি। ছবিটি পরিচালনা করবেন শিরীষ কুন্দর এবং প্রযোজনা করবেন স্ত্রী ফারাহ খান। এই ছবির দুটি স্থিরচিত্রে দেখা যাচ্ছে, সাদা-কালো আবেদনময়ী জ্যাকুলিনের ধারালো চাহনি আর ঘোমটার আড়ালে লুকিয়েছে কত শত রহস্য। বলিউড তারকা শিল্পা শেঠি তার এই ফার্স্টলুকের প্রশংসা করেছেন। ছবিতে জ্যাকুলিনের স্বামীর চরিত্রে মেধাবী অভিনেতা মনোজ বাজপেয়িকে দেখা যেতে পারে। নেটফ্লিক্স ভারতে ১০টি ছবি নির্মাণের একটি প্রকল্প ঘোষণা করেছে। এই ছবি তারই অংশ।

আসছে ২৮ জুন মুক্তির কথা আছে জ্যাকুলিনের সিনেমা ‘ড্রাইভ’। এতে প্রথমবার  সুশান্ত সিং রাজপুতের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এ ছাড়াও জ্যাকুলিনকে দেখা যাবে সালমান খানের বিপরীতে ‘কিক টু’তে।