অসুস্থতার মধ্যেও গতকাল আগামী অর্থবছরের বাজেট বক্তব্য চূড়ান্ত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। দুপুরের দিকে হাসপাতালে গিয়ে ডাক্তার দেখানোর পর বিকেলে সংসদের অধিবেশনেও যোগ দেন তিনি। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠেয় মন্ত্রিসভা কমিটির বৈঠক ও বাজেট প্রস্তাব করবেন তিনি।
গত মঙ্গলবার শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে গিয়ে ভর্তি হন অর্থমন্ত্রী। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে ডেঙ্গুজ্বরের প্রাথমিক উপসর্গ দেখা দিয়েছে।
গতকাল রাতে জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, স্যার সুস্থ আছেন। বিকেলে সংসদ অধিবেশনেও যোগ দিয়েছেন। বৃহস্পতিবার সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করবেন তিনি।
অর্থমন্ত্রী হিসেবে এটি মুস্তফা কামালের প্রথম ও আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট। গত পাঁচ বছর পরিকল্পনামন্ত্রী হিসেবে বাজেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
নতুন বাজেটের আকার পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। এটি চলতি অর্থবছরের মূল বাজেটের ৫৮ হাজার ৬১৭ কোটি টাকা বেশি। চলতি অর্থবছরের মূল বাজেটের আকার ছিল চার লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা। লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় করতে না পারা ও উন্নয়ন প্রকল্পে পরিকল্পনা অনুযায়ী অর্থ খরচ করতে না পারায় চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে চার লাখ ৪২ হাজার ৫৪১ কোটি টাকা।