বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) শূন্য তিন সদস্য পদে তিনজন সিনিয়র শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।
নতুন সদস্যরা হলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জেড এম পারভেজ সাজ্জাদ এবং বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. দিল আফরোজা বেগম। তাদের মধ্যে ড. দিল আফরোজা দ্বিতীয় দফায় ইউজিসির সদস্য হলেন। গত ২৭ মে তার প্রথম দফা দায়িত্বের মেয়াদ শেষ হয়।
ইউজিসি কর্মকর্তারা জানিয়েছেন, গতকালই ড. পারভেজ সাজ্জাদ ও ড. দিল আফরোজা যোগদান করেছেন। আগামীকাল ড. আলমগীরের যোগদানের কথা রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব জিন্নাত রেহানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী চার বছরের জন্য তাদেরকে নিয়োগ দেওয়া হলো। তবে সরকার প্রয়োজন মনে করলে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবে।