সংসদে ওবায়দুল কাদের

১০ বছরে সড়কে প্রাণ গেছে ২৫ হাজার ৫২৬ জনের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, গত ১০ বছরে সড়ক দুর্ঘটনায় ২৫ হাজার ৫২৬ জন নিহত হয়েছে, আহত হয়েছে ১৯ হাজার ৭৬৩ জন। গতকাল বুধবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিএনপির হারুনুর রশীদের প্রশ্নের লিখিত জবাবে এ কথা জানান তিনি।

সড়ক দুর্ঘটনায় নিহত ও পঙ্গুত্ববরণকারী ব্যক্তির সংখ্যা জানতে চেয়ে করা এই সাংসদের আরেক প্রশ্নে মন্ত্রী কাদের এ জন্য পথচারীসহ সড়ক ব্যবহারকারীদের যথাযথ সচেতনতার অভাব, যানবাহনের চালকদের দক্ষতার অভাব, আইন অমান্য করার প্রবণতা ও আইনের যথাযথ প্রয়োগের অভাব, যানবাহনের যান্ত্রিক ত্রুটি, ওভার স্পিড, ওভারটেকিং, ওভারলোডিং, প্রতিকূল বা বিরূপ আবহাওয়ায় সড়কে মানসম্মত সাইন-সিগনাল রোড মার্কিংসহ নিরাপত্তা অবকাঠামোর অভাবের কথা উল্লেখ করেন।

যাত্রী হয়রানিতে জরিমানা আদায় ৬৩ কোটি টাকা : মন্ত্রীদের জন্য নির্ধারিত এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ঢাকা মহানগরীর বিভিন্ন রুটে চলাচলকারী যাত্রীবাহী বাসে যাত্রীদের হয়রানির অভিযোগে ৬৩ কোটি ২৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি বলেন, যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ে কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে আসছেন। ২০১৮-১৯ অর্থবছরে ভ্রাম্যমাণ আদালত মোট ৩৩ হাজার ৩০৫টি মামলা দায়ের করে। জরিমানা আদায় করে ৬৩ কোটি ২৬ লাখ ২ হাজার ৮২০ টাকা। এ ছাড়া ১৯৫টি গাড়ি ডাম্পিং স্টেশনে পাঠানো এবং ৫৫৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেওয়া হয়েছে।

সরকারদলীয় এক সাংসদের প্রশ্নে সেতুমন্ত্রী বলেন, গণপরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠায় নানামুখী পদক্ষেপের সঙ্গে সঙ্গে বিআরটিসির মাধ্যমে ভারতীয় লাইন অব ক্রেডিটের আওতায় বিআরটিসির জন্য ৩০০টি দ্বিতল, ১০০টি একতলা নন-এসি বাস, ১০০টি একতলা এসি (সিটি) বাস এবং ১০০টি একতলা (ইন্টারসিটি) গাড়ি আমদানির লক্ষ্যে ভারতীয় দুটি গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। যার ভিত্তিতে ভারত থেকে বাস আমদানির কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। তিনি বলেন, চলতি বছরের ৬ জুন পর্যন্ত ২৬৬টি বাস বিআরটিসি বহরে যুক্ত হয়েছে। আশা করা যাচ্ছে, আগামী জুলাইয়ের মধ্যে বাকি বাসগুলো বহরে যুক্ত হবে। এ ছাড়া যানজট নিরসনে ব্যক্তিগত ছোট গাড়ি ব্যবহার নিরুৎসাহিতের জন্য আরও ২ হাজার ১০০টি নন-এসি স্কুলবাস, ২০০টি একতলা এসি বাস এবং ২০০টি একতলা এসি সিটিবাস সংগ্রহের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।