বরগুনায় ঘরে আগুন দিয়ে সৎ মেয়েকে পুড়িয়ে হত্যার পর বাবা আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। আগুনে দগ্ধ হয়েছেন তার স্ত্রী। বুধবার রাত আড়াইটার দিকে রুহিতা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের সাজেনূর বেগমের মেয়ে সখিনা (১০) ও সাজেনুরের দ্বিতীয় স্বামী বেলাল হোসেন (৩৫)।
সাজেনুরের চাচাত ভাই মো. ইব্রাহিম জানান, বছর দেড়েক আগে সাজেনুরের সঙ্গে বেলালের বিয়ে হয়। প্রথম দিকেই কলহ দেখা দিলে একাধিকবার শালিস হয়।
সাজেনূর ও তার মেয়েকে আগুনে পুড়িয়ে মারার হুমকিও দেন বেলাল। রাতে ঘরে আগুন দিয়ে বেলাল দরজা বন্ধ করে দেন। আমরা গিয়ে আগুন নিভিয়ে তাদের উদ্ধার করার আগেই সাজেনুরের আগের পক্ষের মেয়ে সখিনা মারা যায়। দগ্ধ সাজেনুরকে হাসপাতালে পাঠাই। আর বেলাল একটি আমগাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
সাজেনুরকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. জিয়া উদ্দিন বলেন, “সাজেনুরের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৮০ ভাগই পুড়ে গেছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।”