রাত পোহালেই কোপা আমেরিকা

বিশ্বের অন্যতম প্রাচীন ফুটবল প্রতিযোগিতা কোপা আমেরিকা। ১৯১৬ সালে প্রথম কোপা আমেরিকার আসর বসেছিল আর্জেন্টিনায়। তখন টুর্নামেন্টের নাম ছিল সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ। এরপর ১৯৭৫ সাল থেকে টুর্নামেন্টের নাম হয় কোপা আমেরিকা। ফুটবল সৌন্দর্যের দেশ ব্রাজিলে আগামীকাল থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকার ৪৬তম আসর। ১৯৮৯ সালের পর আবারও ব্রাজিল কোপা আমেরিকার আয়োজক। ল্যাটিন অঞ্চলের ১০ দেশের সঙ্গে এবারের কোপায় অংশ নিয়েছে এশিয়ার দুই দেশ জাপান ও কাতার। ১২টি দল তিনটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপে চার দল। গ্রুপের শীর্ষ দুই দলের সঙ্গে তৃতীয় স্থানে থাকা সেরা দুই দলকে নিয়ে হবে কোয়ার্টার ফাইনাল পর্ব। ১২ দলের এই টুর্নামেন্টের প্রথম দিনে ‘এ’ গ্রুপের ম্যাচে স্বাগতিক ব্রাজিল খেলবে বলিভিয়ার বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার সকাল ৬টা ৩০ মিনিটে।

ব্রাজিল তাদের কোপা আমেরিকা মিশন শুরু করবে নেইমারকে ছাড়া। ইনজুরির কারণে কোপার দল থেকে ছিটকে গেছেন তিনি। এছাড়া ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়েছেন তিনি। সেই ঘটনা ছাড়িয়ে যাচ্ছে কোপা আমেরিকার উত্তাপকেও। নিজেদের মাঠে এর আগে সবশেষ ২০১৪ বিশ্বকাপ আয়োজন করেছিল ব্রাজিল। সেবার সেমিফাইনালে জার্মানির কাছে হেরে বিদায় নিতে হয় সাম্বার দেশ ব্রাজিলকে। সেই দুঃখ এবার ঘোচাতে চাইবে স্বাগতিক হিসেবে কোপা আমেরিকার শিরোপা জিতে। ‘এ’ গ্রুপে ব্রাজিলের সঙ্গী বলিভিয়া, ভেনেজুয়েলা ও পেরু। ব্রাজিল কোপার শিরোপা সবশেষ জিতেছিল ২০০৭ সালে। এখন পর্যন্ত আটবার কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল।

ফুটবলে বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি এখনো দেশের হয়ে জিততে পারেননি আন্তর্জাতিক শিরোপা। আর্জেন্টিনা সবশেষ কোপা আমেরিকা জিতেছিল ১৯৯৩ সালে। এবারের কোপা আমেরিকা হতে পারে মেসির জন্য আশীর্বাদ। শিরোপা জিতে মেসি আক্ষেপ ঘোচাতে পারেন কি না তা তো সময়ই বলে দেবে। ‘বি’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে আছে কলম্বিয়া, প্যারাগুয়ে ও কাতার। কাতার এবারই প্রথমবারের মতো খেলতে এসেছে কোপা আমেরিকায়। আর্জেন্টিনা স্কোয়াডে অভিজ্ঞ বলতে গেলে মেসিই। দেশের হয়ে এখন পর্যন্ত ১৩০ ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৬৭টি। কোপার গত দুই আসরে টাইব্রেকে চিলির কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় আর্জেন্টিনার। তবে কোপা আমেরিকার দ্বিতীয় সেরা দল কিন্তু আর্জেন্টিনাই। ১৪ বার কোপার শিরোপা নিজেদের করে নিয়েছে আর্জেন্টিনা।

‘সি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন চিলির সঙ্গে আছে উরুগুয়ে, ইকুয়েডর ও জাপান। গত দুই আসরের চ্যাম্পিয়ন চিলি। তাদের দলের মূল ভরসা অ্যালেক্সিস সানচেজ। অন্যদিকে উরুগুয়ে এখন পর্যন্ত কোপা আমেরিকার সবচেয়ে সফল দল। রেকর্ড ১৫ বার শিরোপা জিতেছে তারা। সবশেষ জিতেছিল ২০১১ সালে। উরুগুয়ের ফরোয়ার্ড লাইনআপ বেশ অভিজ্ঞ। জাতীয় দলের হয়ে লুইস সুয়ারেজ ১০৬ ম্যাচে করেছেন ৫৫ গোল। আর এডিনসন কাভানি ১০৯ ম্যাচে করেন ৪৬ গোল। কোপা আমেরিকায় এটি জাপানের দ্বিতীয় অংশগ্রহণ। এর আগে ১৯৯৯ সালে অংশ নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল তারা।