জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট অধিবেশন চলার কারণে টানা ২৬ ঘণ্টা পর দিনাজপুরের হিলি স্থলবন্দর কাস্টমসের সার্ভার চালু হয়েছে। এর ফলে কাস্টমসে আমদানিকৃত পণ্যের বিল অব এন্ট্রি সাবমিট থেকে শুরু করে অন্যান্য কার্যক্রম শুরু হয়েছে। সেই সঙ্গে বন্দর অভ্যন্তরে আটকেপড়া ট্রাক খালাস শুরু হয়েছে।
হিলি কাস্টমস সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় সার্ভার চালু হওয়ায় কাস্টমসে আমদানিকৃত পণ্যের বিল অব এন্ট্রি সাবমিট ও পণ্যের পরীক্ষণ শুল্কায়ন কার্যক্রম চালু হয়েছে। এর আগে গত বুধবার বিকেল সাড়ে ৩টা থেকে সার্ভার বন্ধ থাকায় সব কার্যক্রম বন্ধ ছিল।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, বাজেট অধিবেশনের কারণে গতকাল হিলি কাস্টমস থেকে এক নোটিসের মাধ্যমে জানানো হয় বুধবার বিকেল সাড়ে ৩টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত সার্ভার বন্ধ থাকবে। যার ফলে এই সময় বন্দর দিয়ে আমদানিকৃত পণ্যের বিল অব এন্ট্রি সাবমিট বন্ধ থাকবে বলে জানানো হয়। কিন্তু গতকাল সকাল ৯টার পরও কাস্টমসের সার্ভার চালু হয়নি। পরে বিকেল সাড়ে ৫টার দিকে সার্ভার চালু হয়।