দুর্নীতি দমনে ১৪০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

দুর্নীতি দমন কমিশনকে (দুদক) শক্তিশালী করার প্রস্তাব করা হয়েছে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে। এজন্য ১৪০ কোটি টাকা বরাদ্দের

প্রস্তাব করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় এ প্রস্তাব করা হয়। এর আগে চলতি ২০১৮-১৯ অর্থবছরের সংশোধিত বাজেটে সংস্থাটির জন্য বরাদ্দের পরিমাণ ছিল ১০০ কোটি টাকার কিছু বেশি।

প্রস্তাবিত বাজেটে বলা হয়, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। দুদকে প্রাপ্ত অভিযোগ থেকে শুরু করে তদন্ত ও মামলা পরিচালনার কাজ যথাযথভাবে করতে একটি ওয়েবভিত্তিক সফটওয়্যার তৈরি করা হবে। এ ওয়েবসাইট পরিচালনার জন্য দুদকের ২০০ কর্মকর্তাকে উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে। দেশের জনগণ দুর্নীতি দমন কমিশনকে একটি যথাযথ কার্যকর কমিশন হিসেবে দেখতে চায়।

বাজেট বক্তৃতায় দুর্নীতি প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও দমনের মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। এ ছাড়া প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন, দুর্নীতিবিরোধী র‌্যালি, সভা-সমাবেশ এবং সততা সংঘ গঠনের বিষয়ে জোর দেওয়া হয়।