সাড়ে ৭ শতাংশ ভ্যাট দিতে হবে অনলাইন কেনাকাটায়

অনলাইন কেনাকাটায় সাড়ে ৭ শতাংশ ভ্যাট বসানোর প্রস্তাব করা হয়েছে ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট প্রস্তাব উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এক বছর আগে ৫ শতাংশ ভ্যাট দিয়ে তা ‘ভুলবশত ছাপা হয়েছে’ বলে আবার তুলে নেওয়া হয়। তবে এবার সোশ্যাল মিডিয়া এবং ভার্চুয়াল বিজনেসের জন্যে সাত দশমিক পাঁচ শতাংশ ভ্যাট বসানোর প্রস্তাব করা হয়েছে।

ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) ইয়ুথ ফোরামের সভাপতি আসিফ আহনাফ বলেন, সাড়ে সাত শতাংশ ভ্যাট অবশ্যই এই খাতের জন্যে খুবই বেশি। আমরা প্রত্যাশা করি সরকার ই-কমার্সকে ভার্চুয়াল বিজনেসের বাইরে রাখার পাশাপাশি ২০২৪ সাল পর্যন্ত আমাদেরকে ভ্যাটের বাইরে রাখবে।

অনলাইন শপ আজকের ডিলের প্রতিষ্ঠাতা এবং সিইও একেএম ফাহিম মাশুরুর মনে করেন, শপিং মলের দোকানগুলো যেখানে অনেকটাই ভ্যাটের বাইরে থাকে সেখানে ডিজিটাল কেনাকাটার ওপর এমন ভ্যাট মানুষকে ডিজিটালি কেনাকাটা করতে নিরুৎসাহিত করবে। 

বর্তমানে প্রায় এক হাজার ই-কমার্স কোম্পানি দেশে ব্যবসা পরিচালনা করছে এবং তাদের বার্ষিক লেনদেনের পরিমাণ দুই হাজার কোটি টাকা।