মুন্সীগঞ্জ, ঢাকার সাভার, আশুলিয়া, নবাবগঞ্জ, দোহারের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তিনটি ‘ডাকাত’ চক্রের দুই দলনেতাসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি অত্যাধুনিক শটগান, পাঁচ রাউন্ড গুলি, একটি ‘ডাকাতি’ করা মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান। গ্রেপ্তার ‘ডাকাত’ দলের সদস্যরা হলো রিপন মোল্লা (৩২), বাবুল মিয়া ওরফে লম্বা বাবুলসহ (৫৫) আরও ১৫ জন।
পুলিশ সুপার আরও জানান, জিজ্ঞাসাবাদে ‘ডাকাতরা’ জানিয়েছে, ‘কুখ্যাত ডাকাত’ সাইফুল আলম শেখের নেতৃত্বে সাইফুল গ্রুপ, বাবুল ওরফে মোটা বাবুলের নেতৃত্বে বাবুল গ্রুপ এবং রিপন মোল্লার নেতৃত্বে রিপন গ্রুপসহ মোট তিনটি গ্রুপে অর্ধশতাধিক ডাকাত সদস্য ঢাকা, মুন্সীগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, এবং ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় রাস্তা ও বাসাবাড়িতে ডাকাতি, ছিনতাই, গরু চুরিসহ বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত।