ক্রিকেটবিশ্ব অপেক্ষায় আছে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য। আগামীকাল ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে হবে এই ম্যাচ। ক্রিকেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন ভারত-পাকিস্তান লড়াই। পিছিয়ে নেই সাবেক ক্রিকেটাররাও। ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারও আছেন সেই তালিকায়। ম্যাচে কে ফেভারিট তা সরাসরি না বললেও আভাস দিয়েছেন কে এগিয়ে থাকবে লড়াইয়ে। তার আভাস অনুযায়ী এগিয়ে ভারত।
শচীন বলেন, ‘ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং তিনদিকেই এগিয়ে ভারত। যখন সবকিছু ঠিক থাকে তাদের হারানো কঠিন। আমার মনে হয় না রবিবার পাকিস্তান ম্যাচেও এর কোনো পরিবর্তন হবে।’ ভারত ও পাকিস্তানের মধ্যে মূল পার্থক্যও বলে দিয়েছেন শচীন। বলেন, ‘আমি অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের খেলা দেখেছি। তারা পার্টনারশিপ করেছে কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়েছে। তাই যখন তারা ভালো অবস্থানে যাবে (ভারতের বিপক্ষে) এটা নিয়ে ভাববে যে আমাদের উইকেট হারানো যাবে না।’ শচীন আরও বলেন, ‘আপনি খুব কম সময়েই দেখবেন যে ভারত চাপের সময় উইকেট হারিয়েছে।’
ভারত ও পাকিস্তানের চলতি বিশ্বকাপের ম্যাচগুলো লক্ষ করলে দুই দলের ব্যাটিংয়ে দেখা যায় বেশ পার্থক্য। এখন পর্যন্ত ভারত তিন ম্যাচের দুটি খেলে জিতেছে। একটি ম্যাচ পরিত্যক্ত হয় টস হওয়ার আগেই। দুই ম্যাচেই রান পেয়েছে ভারতীয় টপ অর্ডারের প্রথম তিনজন। আর মিডল অর্ডারে জ্বলে উঠছেন মহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পান্ডিয়া। অন্যদিকে পাকিস্তান তাদের সবশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ উইকেটে ১৩৬ রান থেকে আরও ৪ উইকেট হারিয়ে করে মাত্র ২৪ রান। ফলে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। শিখর ধাওয়ান ইনজুরিতে থাকায় পাকিস্তানের বিপক্ষে তার খেলা অনিশ্চিত। তার জায়গা পূরণ করবেন দিনেশ কার্তিক বা বিজয় শঙ্কর। ইন্ডিয়া টুডেতে দেওয়া এক সাক্ষাৎকারে শচীন ধাওয়ানকে ফাইটার বলেছেন। ২০০৯ সালে শচীন আঙুল ভাঙা নিয়ে খেলেছিলেন পুরো নিউজিল্যান্ড সিরিজ। তিনি বিশ্বাস করেন দলের প্রয়োজন হলে ধাওয়ানও তাই করবে। বলছিলেন, ‘ভাঙা আঙুল নিয়ে আমি ২০০৯ সালে নিউজিল্যান্ড সিরিজ খেলেছিলাম। আমার মনে আছে হামিলটন প্রথম টেস্ট ম্যাচে ক্যাচ ধরার সময় আঙুল ভেঙেছিলাম। আমার আঙুলে প্লাস্টার ছিল কিন্তু আমি তা নিয়ে খেলেছিলাম। শিখর (ধাওয়ান) একজন ফাইটার এবং আমি জানি সে ভালোভাবে ফিরে আসবে।’