ভল্টের টাকা আত্মসাৎ

বাংলাদেশ ব্যাংকের রংপুর শাখার ৪ কর্মকর্তা বরখাস্ত

বাংলাদেশ ব্যাংকের রংপুর শাখার ভল্টের টাকা আত্মসাতের অভিযোগে চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার ওই শাখার মহাব্যবস্থাপক (জিএম) তাদের সাময়িক বরখাস্ত করেন বলে জানিয়েছেন মুখপাত্র সিরাজুল ইসলাম।

ওই কর্মকর্তারা হলেন মুদ্রা নোট পরীক্ষক কর্মকর্তা সাজেদ মোহাম্মদ খালেদ, শামীম মিয়া, শেফালী বেগম ও রাবেয়া বশরী। তারা চারজনই প্রথম শ্রেণির কর্মকর্তা।

মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ওই চার কর্মকর্তার বিরুদ্ধে ওঠা নিয়মবহির্ভূত কিছু কাজের অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হবে। কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাংকের এক কর্মকর্তা জানান, দৈনন্দিন লেনদেনের টাকাসহ পুরনো ছেঁড়া-ফাটা নোট গণনা করে বান্ডিল করার জন্য ব্যাংকে বেশ কয়েকজন কর্মকর্তা আছেন। তাদেরকে মুদ্রা নোট পরীক্ষক কর্মকর্তা বলা হয়। সম্প্রতি টাকা গণনার ওই বিভাগ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। পরে বিষয়টি তদন্তে হিসাবের গরমিল পাওয়া যায়। এ ঘটনায় চারজনকে বরখাস্ত করা হয়েছে।