দেশে বলবৎ আইনের আওতায় প্রতিবন্ধীদের জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল ও এনজিওগুলোতে যে ধরনের সুবিধা ও ব্যবস্থা রাখার কথা, সেগুলো না থাকলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২০২০-২১ অর্থবছর থেকে অতিরিক্ত ৫ শতাংশ হারে কর দিতে হবে।
আগামী অর্থবছরের জন্য প্রণীত অর্থবিলে এ বিষয়ে বলা হয়েছেÑ কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এনজিওতে সেবা গ্রহণকারী প্রতিবন্ধী ব্যক্তিদের সেবাস্থলে যাওয়া-আসা ও সেবার বিষয়ে দেশে বলবৎ আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা না রাখলে ২০২০ সালের ১ জুলাই থেকে ওই প্রতিষ্ঠানের ওপর নির্ধারিত আয়করের অতিরিক্ত ৫ শতাংশ হারে কর ধার্য করা হবে। তবে কোনো করদাতা নিয়োগকারী কর্র্তৃপক্ষ হিসেবে প্রতিষ্ঠানে কর্মরত মোট জনবলের ন্যূনতম ১০ শতাংশ প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়োগ দিলে ওই করদাতার দেওয়া আয়করের ৫ শতাংশ কর রেয়াত দেওয়া হবে, যা নতুন অর্থবছর থেকে কার্যকর হবে।