পাবনায় বজ্রপাতে স্কুলশিক্ষার্থীসহ ৫ জন নিহত

পাবনার বিভিন্ন স্থানে বজ্রপাতে স্কুলছাত্রীসহ ৫ জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। এর মধ্যে বেড়া উপজেলার বুড়ামারা গ্রামে বাড়ির পাশে চরে বাদাম তুলতে গিয়ে নাছিমা (১২) নামে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রী নিহত হয়েছে। পৃথক ঘটনায় আগবাগশোয়া গ্রামের চরে বাদাম তুলছিলেন কয়েকজন কৃষক। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে চারজন আহত হন। তাদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন মৃত জিনাত প্রামাণিকের ছেলে আবদুল মান্নান (৫০), মৃত হবি মোল্লার ছেলে আবদুস সালাম (৪৯) ও মনছের মল্লিকের ছেলে আনছের মল্লিক (৪৭)। একই ঘটনায় আহত এরশাদ মোল্লা (২৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ভাঙ্গুড়ায় বিলে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে শামীম আহম্মেদ (৩২) নামে এক কৃষক নিহত হন। নিহত শামীম উপজেলার নৌবাড়িয়া মধ্যপাড়া গ্রামের হাড়ান সরদারের ছেলে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, শুক্রবার বিকেলে শামীম কারেন্ট জাল নিয়ে উপজেলার নৌবাড়িয়া গ্রামের আঠারোবাড়িয়া বিলে মাছ ধরতে যান। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে শামীম আহম্মেদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।