বিভিন্ন স্থানে কলেজছাত্রসহ সড়কে নিহত ৮

সাভারে উল্টো পথে আসা হানিফ পরিবহনের বাসচাপায় মিন্টু মোল্লা নামের (২৬) এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের মধুমতি মডেল টাউনের উত্তর পাশের পেট্রলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের আলীপুর কুনিহাটি গ্রামের কেরামত মোল্লার ছেলে মিন্টু মিরপুর সরকারি বাঙলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এ ছাড়া গতকাল বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে বাসের ধাক্কায় এক রিকশাচালক নিহত হন। সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছেন এক যুবক। সকালে চাঁদপুর সদর উপজেলার ইসলামপুর গাছতলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সাইকেল আরোহী মারা যান। আগের দিন সকালে পিরোজপুরের ইন্দুরকানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক ছাত্রলীগ নেতা ওই দিন রাতে মারা যান। এদিন রাতে দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিকেলে চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মারা যান আরেক মোটরসাইকেল আরোহী যুবক। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর

সাভার : সাভার মডেল থানার এসআই প্রাণকৃষ্ণ জানান, উল্টো পাশ দিয়ে আসা হানিফ পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক মিন্টু মাথায় প্রচণ্ড আঘাত পান। হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া দুর্ঘটনায় আহত সাজু মিয়াকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা : রাজধানীর ঘটনায় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম জানান, গতকাল বেলা ৩টার দিকে ফার্মগেটের মনিপুরীপাড়া এলাকায় আর্ক ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেডের একটি বাসের ধাক্কায় রিকশাচালক আরদ আলী (৪০) নিহত হন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত আরদ আলীর ঠিকানা জানা যায়নি। বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

পিরোজপুর : ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনের সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সাকিব মারা গেছেন। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। সাকিব উপজেলার গাবগাছিয়া গ্রামের আবু জাফর হেলালীর ছেলে। তিনি ইন্দুরকানী সরকারি কলেজ ছাত্রলীগের (ইয়ার কমিটি) সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সভাপতি ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, সকালে মোটরসাকেল চালিয়ে ঘোষেরহাট থেকে বেপরোয়াভাবে ইন্দুরকানী আসার পথে পথচারী মনিরুল ইসলাম গাজী (৫৭) নামে এক চিকিৎককে ধাক্কায় দেন সাকিব। এ সময় দুজনই গুরুতর আহত হন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা একটার দিকে মারা যান মনিরুল। রাতে ঢাকা নেওয়ার পথে মারা যান সাকিব।

গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জের চাপড়িগঞ্জ বাজার এলাকায় গতকাল সকালে বাস-ট্রাকের সংঘর্ষে শফিকুল ইসলাম (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। কুড়িগ্রামের রাজারহাটের সাইফুল্লার ছেলে শফিকুল ওই বাসের হেলপার ছিলেন। দুর্ঘটনায় ১০ জন আহত হয়েছেন। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আকতারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফটিকছড়ি : চট্টগ্রামের ফটিকছড়িতে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আল মামুন (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা ফায়ার সার্ভিসসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মামুন নওগাঁর বাসিন্দা। তিনি একটি ওষুধ কোম্পানির মেডিকেল প্রমোশন অফিসার ছিলেন।

চাঁদপুর : সদর উপজেলার ইসলামপুর গাছতলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় জাহিদুল হক (৫০) নামে সাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি উপজেলার উত্তর রঘুনাথপুর গ্রামের জহিরুল হক গাজীর ছেলে। গতকাল সকালের এ দুর্ঘটনায় অটোচালক ইউসুফ মৃধা (৪৫), রায়পুর থেকে আসা যাত্রী জাহানারা বেগম (৫০) ও তার মেয়ে শাহীদা আক্তার (১৮) আহত হয়েছেন।

দিনাজপুর : দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকচাপায় আফরিন বেগম মহিনী (২০) নামে এক মোটরসাইকেল আরোহী গৃহবধূ নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার পুটকিয়া মোড়ে এ দুর্টঘটনায় আহত হয়েছেন ওই গৃহবধূর স্বামী জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দাসড়া গ্রামের অরুপ হোসেন। ফুলবাড়ী থানার ওসি ফকরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।