এটা ক্রিকেট খেলা যুদ্ধ নয়

পুলওয়ামায় সন্ত্রাসী আক্রমণের পর ভারত-পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি চলছিল। তখন ক্রিকেটেও পাকিস্তানকে বয়কটের দাবি তুলেছিল ভারতীয়রা। এখন সেই পরিস্থিতি বদলেছে। তবে ক্রিকেট ম্যাচ ঘিরে উত্তেজনা কিন্তু কমেনি। আজ ম্যানচেস্টারে বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান। এই ম্যাচ ঘিরে দু’দেশের মিডিয়া একটা যুদ্ধ যুদ্ধ উন্মাদনা তুলেছে। তাই দর্শকরাও উত্তেজিত। পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরাম অবশ্য দর্শকদের যুদ্ধ উন্মাদনায় গা না ভাসাতে অনুরোধ করেছেন।

অতীতে দেখা গেছে বিশ্বকাপে ভারতের কাছে হারের পর দেশে ফিরলে হিংসাত্মক পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন পাকিস্তানি ক্রিকেটাররা। ওয়াসিম নিজেও এমন পরিস্থিতির মুখে পড়েছেন। তাই আজ বিশ্বকাপ ম্যাচের আগে সমর্থকদের কাছে আর্জি জানিয়ে ওয়াসিম বলেছেন, ‘এটি বিশ্বকাপের সব চেয়ে বড় ম্যাচ। মাথায় রাখতে হবে এটা ক্রিকেট খেলা। যুদ্ধ নয়। কাজেই দু’দেশের দর্শকদের কাছেই অনুরোধ, শান্ত মাথায় দুই ক্রিকেট শক্তির এই মহারণ উপভোগ করুন।’ যারা ক্রিকেট ম্যাচকে যুদ্ধ বলে প্রচার করছেন তারা প্রকৃত ক্রিকেটপ্রেমী নন বলেও জানান ওয়াসিম, ‘একটা দল জিতবে। আর একটা দল হারবে। খেলায় কখনো এক সঙ্গে দু’টো দল জিততে পারে না। কাজেই খেলা দেখে মজা পাওয়াটাই বড় ব্যাপার। যারা এই ম্যাচটাকে যুদ্ধ বলে প্রচার করেন, তারা প্রকৃত ক্রিকেটপ্রেমী নন।’

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে এমনই উত্তেজনা যে টিকিট কয়েকমাস আগেই বিক্রি হয়ে গেছে। শোনা যাচ্ছে কালোবাজারিতে টিকিটের দাম বাংলাদেশি টাকায় আড়াই লক্ষ ছাড়িয়েছে।

 এমন ম্যাচে দুই দলের ক্রিকেটাররা চাপে থাকবেন তা বলাই বাহুল্য। সেই চাপের কথা মাথায় রেখে ওয়াসিম আকরাম বলেছেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ মানেই চাপ থাকবে। এটা আমার চেয়ে ভালো কে অনুভব করতে পারেন। ভারতের বিরুদ্ধে ম্যাচটার দিকে তাকিয়ে থাকি এই কারণেই যে, এই ম্যাচে নিজেদের সেরাটা বার করে আনেন দু’দলের ক্রিকেটাররা।’ আজ ভারতকেই ফেভারিট বলছেন ওয়াসিম, ‘ভারত এগিয়ে। ওদের ব্যাটিং ও বোলিং বেশ ভালো। কিন্তু আমাদের ছেলেরাও টেক্কা দিতে পারে ভারতের ব্যাটিং ও বোলিং শক্তির সঙ্গে। এই ম্যাচে যে দল চাপ সামলাতে পারবে, তারাই জিতবে।’