বিজয়নগরে নৌকার নির্বাচনী কার্যালয়ে গুলি, আহত ১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা গুলি চালিয়ে যুবলীগ নেতাকে আহত করেছে। গত শুক্রবার রাতে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছতরপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করে গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে গতকাল শনিবার মামলা করা হয়েছে। আগামী মঙ্গলবার এ উপজেলায় ভোট।

বিজয়নগর থানায় করা মামলা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছতরপুরে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে নৌকার মনোনীত প্রার্থী তানভীর ভুঁইয়ার সমর্থনে বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন ভুঁইয়া নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচনী সভা করছিলেন। এ সময় ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাছিমা লুৎফুরের সমর্থক মনিরুল ইসলামসহ সহযোগীরা মোটরসাইকেলযোগে  অফিসের সামনে নেমে ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিনের নাম ধরে অকথ্য ভাষায় গালাগাল করে অফিসে ভাঙচুর চালায় এবং তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে জামাল উদ্দিনের অফিসের সামনে ওয়ার্ড যুবলীগের সহসভাপতি নুরধন ভুঁইয়া (৪৩) পায়ে ও পিঠে গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে নেতাকর্মীরা আহত নুরধনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় গতকাল শনিবার বিকেলে বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন ভুঁইয়া বাদী হয়ে মামলা করেছেন। মামলায় নাছিমা লুৎফুরের নির্বাচনী সমন্বয়কারী ও দেবর সিঙ্গারবিল ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামসহ তিনজনকে আসামি করা হয়েছে।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন ভুঁইয়া বলেন, ঘোড়া মার্কার স্বতন্ত্র প্রার্থী নাছিমা লুৎফুর রহমানের লোকজন আমাকে নৌকার প্রচার বন্ধ করতে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল এবং তার পক্ষে প্রচার চালাতে বলছিল। কিন্তু আমি তাতে রাজি না হওয়ায় নৌকার ভোটারদের মাঝে ভীতির সৃষ্টি করতে এবং আমাকে মেরে ফেলতে তার আত্মীয় সিঙ্গারবিল ইউনিয়নের চেয়ারম্যান মনিরের নেতৃত্বে আমার ও দলীয় নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়।