আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এবং ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, দেশে বিএনপি-জামায়াত জোটের শাসন আর কোনো দিন ফিরে আসবে না। তিনি বলেন, ‘কোনো রকম ষড়যন্ত্র করে লাভ নেই। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশ এগিয়ে যাবে।’ গতকাল শনিবার সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মিলনায়তনে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, ‘বিএনপি-জামায়াতের চক্রান্ত এখনো অব্যাহত আছে। তাই আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমরা সবাই বিএনপি-জামায়াতের শাসনামল দেখেছি। দেশের মানুষ বিএনপি-জামায়াতের দুঃশাসন আর দেখতে চায় না। বিএনপির অতীত দুঃশাসন ভুলে গেলে চলবে না।’
বিএনপি-জামায়াত জোট দেশকে ‘অধঃপতনে’ নিয়ে গিয়েছিল দাবি করে আওয়ামী লীগের সভাপতিম-লীর এই সদস্য আরও বলেন, ‘সেই দেশকে সমৃদ্ধ করে তুলেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে। এজন্য সবাইকে সজাগ থেকে জনকল্যাণে কাজ করতে হবে।’
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি মঈন উদ্দিন খান চিনু। এতে অন্যদের মধ্যে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল লতিফ বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংসদ হাবিবে মিল্লাত মুন্না এবং ঢাকা মহানগর (উত্তর) যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল বক্তব্য দেন। সম্মেলনে শোক প্রস্তাব এবং সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল হাকিম।
এর আগে মোহাম্মদ নাসিম জাতীয় পতাকা এবং ওমর ফারুক চৌধুরী দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন। এতে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি পদে রাশেদ ইউসুফ জুয়েল ও সাধারণ সম্পাদক পদে একরামুল হক নির্বাচিত হন।