জামালপুরে ট্রাক্টর চাপায় মাদ্রাসা ছাত্র নিহত

জামালপুরে ইসলামপুরে ট্রাক্টর চাপায় এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে গুঠাইল মাঝপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল (৮) ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের চর শিশুয়া গ্রামের ইব্রাহীম ফরাজীর ছেলে। সে গুঠাইলের যমুনা আইডিয়াল মাদ্রাসার নার্সারি শ্রেণির ছাত্র।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ্ আল মামুন জানান, সকালে গুঠাইলের মাঝপাড়া এলাকায় রাসেল নামে এক মাদ্রাসা ছাত্র পরীক্ষা দিয়ে সাইকেলে করে বাড়ি ফিরছিল। এসময় বিপরীত দিক থেকে একটি ট্রাক্টর আসতে দেখে সে সাইকেল থামিয়ে রাস্তার পাশে অবস্থান নেয়। কিন্তু রাস্তাটি সরু হওয়ায় ট্রাক্টরটি কাছে আসার পর ওই মাদ্রাসা ছাত্রটি নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল নিয়ে ট্রক্টরের চাকার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাসেলের লাশ উদ্ধার করে ইসলামপুর থানায় নিয়ে আসে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে বলে তিনি জানান।