সিলেটের জৈন্তাপুর উপজেলার তৈয়ব আলী কারিগরি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির এক ছাত্রীর ওপর রাসায়নিক (ক্লোরোফর্ম) স্প্রে নিক্ষেপ করেছে তারই সহপাঠী ছাত্র আবু সাইফ। এতে ওই ছাত্রী অজ্ঞান হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
স্প্রে নিক্ষেপকারী সাইফকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সাইফ উপজেলার নিজপাট যশপুর গ্রামের মানিক মিয়ার ছেলে।
রবিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
কলেজ ও পুলিশসূত্র জানায়, সহপাঠী সাইফ ওই ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করে। ক্লাস শেষ হওয়ার পর শ্রেণি কক্ষের বাইরে বের হলে সাইফ ক্লোরোফর্ম জাতীয় স্প্রে ওই ছাত্রীর নাকেমুখে নিক্ষেপ করে। এতে ছাত্রীটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়।
অন্য সহপাঠীরা কলেজের শিক্ষকদের বিষয়টি জানালে দ্রুত তাকে জৈন্তাপুর উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এসময় ধাওয়া করে সাইফকেও আটক করা হয়। খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে সাইফকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এব্যাপারে জৈন্তাপুর থানার ওসি খান মো. মাইনুল জাকির বলেন, অভিযুক্ত সাইফকে আটক করা হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনানুগ পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
কলেজের অধ্যক্ষ রুহিনী পাল বলেন, আহত ছাত্রীর চিকিৎসার ব্যয় ভার কলেজের পক্ষ থেকে বহন করা হবে। অভিযুক্ত ছাত্রের ব্যাপারে কলেজ পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।