ই-কমার্সে ভ্যাট প্রত্যাহারের দাবি বেসিসের

কেনাকাটায় ভ্যাট আরোপ করলে ক্রেতা বিমুখ হবে। ই-কমার্স খাতে এখনো ভ্যাট আরোপের সময় আসেনি। আগামী পাঁচ বছর ই-কমার্স খাতকে ভ্যাটের আওতামুক্ত রাখা হোক। জাতীয় বাজেট ২০১৯-২০২০ পরবর্তী প্রতিক্রিয়ায় দেশের সফটওয়্যার খাতের সংগঠন বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর এ কথা বলেন।

গতকাল রবিবার হার্ডওয়্যার খাতের সংগঠন বিসিএস, সফটওয়্যার খাতের সংগঠন বেসিস, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন (আইএসপিএবি) ও কল সেন্টার অ্যাসোসিয়েশন (বাক্য) যৌথভাবে সংবাদ সম্মেলন আয়োজন করে। এতে বাজেট বিষয়ে সংগঠনগুলোর প্রতিক্রিয়া তুলে ধরা হয়।

বাজেট প্রতিক্রিয়ায় বক্তারা বলেন, ব্যবসায়ী পর্যায়ে কম্পিউটার ও যন্ত্রাংশের ওপর মূসক অব্যাহতি ও নতুন উদ্যোক্তাদের জন্য ১০০ কোটি বরাদ্দ রাখার বিষয়টি ইতিবাচক। তবে বাজেটে ই-কমার্সসহ কয়েকটি খাতে ভ্যাট প্রত্যাহার চান তারা।

সংবাদ সম্মেলনে বলা হয়, এবারের বাজেটে সোশ্যাল মিডিয়া ও ভার্চুয়াল ব্যবসায় সাড়ে ৭ শতাংশ ভ্যাটের কথা বলা হয়েছে। দেশের ই-কমার্স খাতকে ভার্চুয়াল ব্যবসার ভেতরে ফেলায় নতুন এ খাতটির অগ্রগতির জন্য তা বাধার সৃষ্টি করবে। এ খাতে তাই ভ্যাট অব্যাহতির দাবি জানান তারা। এ ছাড়া তথ্যপ্রযুক্তি সেবার ওপর ৫ শতাংশ আরোপিত মূসক প্রত্যাহারের দাবিও জানানো হয়। ফাইবার অপটিক কেব্লের ওপর ৫ শতাংশ রেগুলেটরি ডিউটি প্রত্যাহারের দাবি জানায় আইএসপিএবি। কম্পিউটার ও কম্পিউটার যন্ত্রাংশে ও হার্ডওয়্যার পণ্যে ৫ শতাংশ আগাম ও ২৪ ইঞ্চি পর্যন্ত মনিটরের ওপর মূসক প্রত্যাহারের  দাবি জানানো হয়।