আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সংবিধান নারী-পুরুষের সমঅধিকার প্রদান করলেও প্রতিটি ক্ষেত্রে পিছিয়ে পড়া নারীরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হন। যা আমাদের কাক্সিক্ষত জাতীয় উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা। তাই প্রথমবার সরকার গঠন করে শেখ হাসিনা নারী ও শিশু নির্যাতন দমন আইনের আধুনিকায়ন করেন।
গতকাল রবিবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটরদের বিশেষ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ট্রাইব্যুনালে মামলা জট কমেছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, গত এক বছরে ট্রাইব্যুনালগুলোতে মামলা জট তৈরি হয়নি। বরং বিচারাধীন ১ হাজার ৮৩১ মামলা কমেছে। ২০১৮ সালের মার্চে ট্রাইব্যুনালগুলোতে বিচারাধীন মামলা ছিল ১ লাখ ৬৬ হাজার ৩৮২টি। ২০১৯ সালের একই সময়ে মামলার সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ৫৫১টি।
তিনি বলেন, আধুনিককালে উন্নত বিশ্বে অপরাধ বিজ্ঞান ও উন্নয়ন তত্ত্বের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক। অর্থাৎ উন্নয়ন বাড়লে অপরাধ কমবে এবং উন্নয়ন কম হলে অপরাধ বাড়বেÑ এই সম্পর্ক সুপ্রতিষ্ঠিত হলেও বাংলাদেশে উন্নয়ন ও অপরাধ সমানতালে চলছে। তাই যেকোনো উপায়ে আমাদের অপরাধ বা অপরাধ প্রবণতা কমাতে হবে। নইলে আমাদের উন্নয়নের মূল উদ্দেশ্যই ব্যাহত হবে। একবিংশ শতাব্দীর সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য বিচার বিভাগকে আধুনিকীকরণের লক্ষ্যে সরকার ইতোমধ্যেই অনেক পরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান মন্ত্রী।
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকও উপস্থিত ছিলেন।