কলম্বিয়ার কাছে হার দ্রুত ভুলতে চান মেসি

আকাশচুম্বী স্বপ্ন নিয়ে কোপা আমেরিকার শুরুটা আকাশভাঙা হতাশায় পরিণত হলো আর্জেন্টিনার জন্য। প্রথম ম্যাচেই হেরে গেলেন লিওনেল মেসিরা। ‘বি’ গ্রুপের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরেছে ১৪ বারের কোপা জয়ীরা। এতে দেশের হয়ে মেসির শিরোপা খরা কাটানোর অভিলাষ শুরুতেই বড় ধাক্কা খেল।

এল সালভাদর বাহিয়া’র পুরো ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ ২০ মিনিটে কলম্বিয়ার দিকেই হাত বাড়াল ভাগ্য। তাই ২০ বছরের মধ্যে প্রথমবার কোনো টুর্নামেন্টে আর্জেন্টিনাকে হারানোর উৎসব করল কলম্বিয়া। আর টুর্নামেন্টের শুরুতেই খাদের কিনারায় মেসির দল।   

ম্যাচটিতে দুই প্রতিপক্ষেই ছিল তারার মেলা। মেসি, সার্জিও আগুয়েরো, ডি মারিয়া আর কলম্বিয়ার হয়ে হামেস রদ্রিগেজ, হুয়ান কোয়াদ্রাদো, রাদামেল ফ্যালকাও। কিন্তু দিন শেষে ইউরোপা মাত করাদের হারিয়ে দিলেন দুই অখ্যাত কলম্বিয়ান। বদলি হিসেবে নেমে রজার মার্টিনেজের বিদ্যুৎগতির শটে গোল ও ডুভান জাপাতার সুযোগসন্ধানী লক্ষ্যভেদে জিতল কলম্বিয়া। ৭১ মিনিটে ডি বক্সের ডান পাশ থেকে ডান পায়ের আচমকা শটে আর্জেন্টিনার জাল কাঁপিয়ে দেন মার্টিনেজ। আর্জেন্টাইন গোলরক্ষক আরমানি পোস্ট থেকে বেশ এগিয়ে ছিলেন। তাই বাম পাশে যথাসম্ভব লাফিয়েও বলে হাত ছোঁয়াতে পারেননি। ম্যাচ শেষের চার মিনিট আগে (৮৬ মিনিট) রক্ষণের ভুলে গোল হজম করেন মেসিরা। ডান পাশে কর্নার প্রান্ত থেকে জেফারসন লেরমা শট নেন গোলপোস্টের দিকে। সুযোগ বুঝে পোস্টের খুব কাছে থাকা জাপাতা বলে পা ছুঁইয়ে দেন। তার সঙ্গে আর্জেন্টিনার দুই ডিফেন্ডার থাকলেও জাপাতার গতির সঙ্গে পেরে ওঠেননি। এছাড়া পুরো ম্যাচে এগিয়ে ছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে স্পষ্ট গোলের সুযোগও তৈরি করে তারা। কলম্বিয়ার পোস্টে মোট ১৩ শট নিয়ে ৬টিই রেখেছিল লক্ষ্যে। কিন্তু দুর্ভাগ্য মেসিদের। মেসির নিজের দুটি চেষ্টাসহ বাকি চারটিও ফিরিয়ে দেয় কলম্বিয়া। উল্টো আর্জেন্টিনার পোস্টে মোট ৮ শট নিয়ে দুটি গোল পেয়ে যায় তারা। সাফল্যও শেষ পর্যন্ত তাদের ধরা দেয়।

দেশের জার্সিতে একটি শিরোপা জিতবেন বলে দ্বিতীয়বার অবসর ভেঙে ফিরে এসেছেন মেসি। শেষ চেষ্টার শুরুটা এত তেতো হবে ভাবেননি। ম্যাচ শেষে পাঁচবারের বর্ষসেরা তারকা জানান, ‘দ্বিতীয়ার্ধে আমরা বেশি সুযোগ তৈরি করেছিলাম। কিন্তু তিক্ত অভিজ্ঞতা নিয়ে শেষ করতে হলো।’ পুরো ম্যাচে ভালো দাপট দেখালেও কলম্বিয়ান গোলরক্ষক ডেভিড ওসপিনাকে কঠিন বিপদে ফেলতে পারেননি আর্জেন্টিনার অভিজ্ঞ ফরোয়ার্ডত্রয়ী। আগুয়েরো, ডি মারিয়া ও নিজের ব্যর্থতা দ্রুত ভুলতে চান মেসি, ‘কোনো দলই একটা টুর্নামেন্ট হার দিয়ে শুরু করতে চায় না। আমরাও চাইনি। যত দ্রুত সম্ভব এই হার ভুলতে হবে আমাদের। সামনে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ। এটা নিয়ে ভাবতে হবে।’

প্রথম ম্যাচে হেরে বি গ্রুপের তলানিতে চলে গেছে আর্জেন্টিনা। ২টি গোলে পিছিয়ে মেসিরা। অবশ্য আর্জেন্টিনার জন্য খুব দুশ্চিন্তায় থাকার কথা না। পরের দুই ম্যাচে প্যারাগুয়ে ও আমন্ত্রিত দল কাতারের বিপক্ষে জিতলেই নকআউট নিশ্চিত হবে তাদের। তাই সামনের দুই ম্যাচে ভালো কিছুর কথা ভাবছেন মেসি, ‘আমাদের এখন দুশ্চিন্তা করলে চলবে না। ইতিবাচক দিকগুলো সামনে রেখে বাকি দুই ম্যাচে সাহসের সঙ্গে লড়তে হবে। আমরা প্রথমার্ধে কিন্তু ভালো করিনি (কলম্বিয়ার বিপক্ষে), কিন্তু দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করেছিলাম। এই ইতিবাচক দিকগুলো সামনের ম্যাচে কাজে লাগবে।’

এদিকে আর্জেন্টিনার বিপক্ষে জয়কে আসরে সবচেয়ে কঠিন দলের বিপক্ষে সাফল্য বলছে কলম্বিয়া। এ জয়ে দারুণ খুশি ফ্যালকাও জানান, ‘আর্জেন্টিনা এই টুর্নামেন্টের সবচেয়ে কঠিন দল। বিশ্বের সেরা খেলোয়াড় ওদের দলে। তাই আর্জেন্টিনার সঙ্গে জয় বিশেষ কিছু। ম্যাচটি জিততে পেরে আমরা সত্যিই আনন্দিত।’