আশুলিয়ার কাঠগড়া এলাকায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার।
সোমবার সকালে লিখিত অভিযোগ পাওয়ার পর আশুলিয়া থানা পুলিশ উপজেলার কাঠগড়া পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক তুষার খাঁ (২৬) কে গ্রেপ্তার করে। এর আগে রাতে কাঠগড়া এলাকার আমজাদ সরকারের ভাড়া বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটেছে।
গ্রেপ্তার তুষার খাঁ নরসিংদি জেলার বেলাবো থানার ওয়ারি গ্রামের মুক্তার খাঁর ছেলে। সে কাঠগড়া এলাকার মাহি পালোয়ান এর বাড়িতে ভাড়া থেকে গ্যাস লাইনের কাজ করতো বলে জানিয়েছে পুলিশ।
থানা পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানায়, ভুক্তভোগী শিশুটির বাবা একজন রিকশাচালক এবং মা পোশাক শ্রমিক। তারা শিশু কন্যাকে (১১) বাসায় রেখে প্রতিদিন সকালে জীবিকার তাগিদে কাজে বের হয়ে রাতে বাসায় ফেরেন। রবিবার রাতে কাজ থেকে দুজনেই দেরিতে ফেরায় দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়ে তাদের শিশু কন্যা। এই সুযোগে প্রতিবেশী যুবক তুষার খাঁ ঘরের দরজা খোলা পেয়ে ভেতরে প্রবেশ করে এবং শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
পরে ভুক্তভোগী শিশুটি রাতে বাবা-মায়ের কাছে বিষয়টি খুলে বললে সোমবার সকালে তারা আশুলিয়া থানায় ধর্ষণের অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এঘটনায় পুলিশ কাঠগড়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক তুষার খাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এছাড়া ধর্ষণের শিকার ওই শিশুকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বদরুজ্জামান বলেন, ধর্ষণের ঘটনায় ঘটনায় আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ধর্ষক তুষার খাঁকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।