অন্যের লেখা কপি করে নিজের ওয়েবসাইটে প্রকাশ করার প্রবণতা নিয়ে বিতর্ক বহু পুরনো। এভাবে অন্যের কনটেন্ট চুরি করতে গুগল তার ব্যবহারকারীদের সব সময় নিরুৎসাহিত করে। কিন্তু সেই তারাই এমন চুরির খাতায় নাম লিখিয়েছে বলে অভিযোগ তুলেছে গানের কথা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান জিনিয়াস মিডিয়া। গানের কথাবিষয়ক সার্চে পাঁচ বছর আগে পরিবর্তন আনে গুগল। বিশেষ করে কোনো ইংলিশ গানের কথা লিখে সার্চ দিলে প্রচলিত ফলাফলের পাশাপাশি একটি বক্স দেখা যায়। যেখানে গীতিকার, সুরকার এবং কণ্ঠশিল্পীর নামের সঙ্গে পুরো গানটা লেখা থাকে। জিনিয়াসের অভিযোগ, গুগল নিজেরা টাইপ না করে তাদের লেখা ‘লিরিকস’ নিজেদের ওয়েবসাইটে পোস্ট করছে। জিনিয়াসে বিভিন্ন লেখক মূলত গানের কঠিন সব শব্দ নিয়ে আলোচনা করেন। এতে পাঠকরা জনপ্রিয় গানগুলোর সঠিক অর্থ বুঝতে পারেন। পাশাপাশি তাদের সাইটে গানের কথাগুলো সঠিকভাবে পাওয়া যায়। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, কয়েক বছর ধরে গুগলের কাছে নিজেদের অভিযোগের কথা জানিয়েও কোনো সমাধান পায়নি জিনিয়াস মিডিয়া।
গুগলকে ধরতে জিনিয়াস মিডিয়া একটি কৌশলের আশ্রয় নেয়। নিজেদের লেখা লিরিকসের ভেতর সোজা এবং বাঁকা ঊর্ধ্বকমা ব্যবহার করে তারা। এর সঙ্গে একপ্রকার জলছাপও জুড়ে দেওয়া হয়। মোর্স কোড বা সাংকেতিক লিখন পদ্ধতি ব্যবহারের পরও তারা দেখেছে, গুগল হুবহু তাদের কনটেন্টই ব্যবহার করে যাচ্ছে। গুগল এই অভিযোগ অস্বীকার করে দাবি করছে, তাদের সাইটে ব্যবহৃত লিরিকস-সংশ্লিষ্ট গীতিকার কিংবা প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে ব্যবহার করা হয়। এ জন্য কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে তাদের লাইসেন্স করা আছে। গুগলের বিরুদ্ধে এমন একসময় এই অভিযোগ উঠল, যখন তারা বিশ্বাসভঙ্গের দায়ে টালমাটাল। ব্যবহারকারীর বিশ^াস ভঙ্গ করে তাদের ব্যক্তিগত তথ্য বিভিন্ন ব্যবসায়িক কাজে ব্যবহার করার কারণে আমেরিকাসহ বিভিন্ন দেশে মামলার মুখে পড়েছে গুগল।