জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ। এ বছর তার ব্যান্ড মাইলস চার দশক পূর্ণ করতে যাচ্ছে। এ উপলক্ষে দেশ ও বিদেশে একাধিক কনসার্টের আয়োজন করতে যাচ্ছে মাইলস। ব্যান্ডের চার দশকের পথচলা ও সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ
৪০ বছরের পথচলা
চার দশকের এই দীর্ঘ পথ পাড়ি দেওয়া সহজ কথা নয়। যারা নানা কাজের মধ্য দিয়ে এতটা পথ পাড়ি দিতে পেরেছেনÑ তারাই শুধু বিষয়টা অনুধাবন করতে পারবেন। ‘বিস্ময় যাত্রা’ শিরোনামে আমাদের একটা গান আছে। ঠিক সেই গানের মতোই চার দশকের এই যাত্রা বিস্ময়কর বলেই মনে হয়।
চার দশক পূর্তি উদযাপন...
এ দেশের কোনো ব্যান্ড একই লাইনআপ নিয়ে এতটা পথ পাড়ি দেয়নি। যে দুটি ব্যান্ডের ৪০ বছর পূর্ণ হয়েছে, তাদের লাইনআপেও অনেক পরিবর্তন চোখে পড়বে। ব্যান্ড গঠনের দু-তিন বছর পর আমি, হামিন ও মানাম মাইলসে যোগ দিলেও তখন থেকে একজোট হয়েই কাজ করে যাচ্ছি। দলের বাকি দুই সদস্য মাইলসের সঙ্গে আছে বিশ বছরের বেশি সময় ধরে। বেশ আগে থেকেই চার দশক পূর্তির আয়োজন নিয়ে পরিকল্পনা করছি আমরা। এই সুবর্ণ সময়কে স্মরণীয় করে রাখতে দেশ ও বিদেশে বর্ণাঢ্য সব আয়োজনের পরিকল্পনা করছি। দেশের বিভাগীয় শহর ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনায় কনসার্টের আয়োজন হবে। দেশের বাইরে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ায় কনসার্ট করা হবে। এছাড়া মাইলসের সদস্যদের ব্যবহৃত বাদ্যযন্ত্র প্রদর্শনী, বিভিন্ন সময়ের দুর্লভ ছবি প্রদর্শন, মাইলসের বিভিন্ন অর্জন প্রদর্শন, গানের লিরিক এবং তার পেছনের কাহিনী প্রদর্শন। সেই সঙ্গে মাইলসের প্রয়াত সদস্যদের স্মরণে একটি জোন তৈরি করা হবে যেন নতুন প্রজন্মের শ্রোতারা মাইলসের ইতিহাস জানতে পারেন।
উপস্থাপক শাফিন
‘ক্রিয়েশন অ্যান্ড জয়’ নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করে দারুণ সাড়া পেয়েছি। এই অনুষ্ঠানের মতো আরও কিছু ভিন্ন আঙ্গিকের আয়োজনের কথা ভাবছি। এ নিয়ে টিভি চ্যানেলের সঙ্গে কথা হয়েছে। যদি পরিকল্পনামাফিক কাজের সুযোগ হয়, তাহলে আবার কোনো না কোনো টিভি আয়োজনে আমাকে দেখা যাবে।