ট্যারিফ কমিশনের নাম বদলে ‘ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন’ করার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রতিযোগিতায় বৈষম্য সৃষ্টি করতে পারে এমন সব তথ্য গোপন রাখার বিধান যুক্ত করে নতুন আইন করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান।
তিনি জানান, ট্যারিফ কমিশন মূলত ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর আমলে শুরু হয়, রাষ্ট্রপতির আদেশ দিয়ে এটি শুরু করা হয়। আনুষ্ঠানিকভাবে ১৯৯২ সালে এ সংক্রান্ত আইন প্রণয়ন করা হয়। সেই আইনের মধ্যে কিছুটা ঘাটতি ছিল। সময়ের প্রেক্ষাপটে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও অনেক পরিবর্তন হয়ে গেছে।
খসড়া আইন অনুযায়ী ‘ট্যারিফ কমিশন’-এর নাম পরিবর্তন করে ‘ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন’ করা হয়েছে। কমিশনের কাজ বাড়ানো হয়েছে। শুল্কনীতি পর্যালোচনা, আন্তর্জাতিক, আঞ্চলিক ও বহুপক্ষীয় বাণিজ্য চুক্তি; ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট, জিএসপি, শিল্প-বাণিজ্যে বিনিয়োগ, শুল্কনীতি, বৈদেশিক বাণিজ্যÑ এ রকম অনেক বিষয় কার্যপরিধিতে আনা হয়েছে।
নতুন আইনে তথ্যের গোপনীয়তা নিশ্চিত করা সংক্রান্ত একটি ধারা যুক্ত করা হয়েছে। কারণ, এ প্রতিষ্ঠানটি খুবই সংবেদনশীল। কোনো তথ্য যদি আগেই ফাঁস করে দেয় তাহলে এটা ব্যবসা-বাণিজ্যের প্রতিযোগিতায় বৈষম্য বা সংকট সৃষ্টি করতে পারে। এদের ওপর একটা ম্যান্ডেড দেওয়া হয়েছে, তারা গোপনীয়তা রক্ষা করতে বাধ্য থাকবে।
গবেষণা বা সমীক্ষা কাজে সহায়তা দেওয়ার লক্ষ্যে কমিশন সরকারের পূর্বানুমোদনক্রমে নির্দিষ্ট মেয়াদের জন্য প্রয়োজনীয় সংখ্যক পরামর্শক ও গবেষণা সহায়তাকারী নিয়োগ করতে পারবে। গবেষণার জন্য তারা এখন আউটসোর্সিং করতে পারে না। এখানে তারা প্রয়োজনীয় সংখ্যক কনসালট্যান্ট নিয়োগ করতে পারবেন। এ সুবিধাটা দরকার, কারণ প্রতিষ্ঠানটি গবেষণাধর্মী।
মন্ত্রিসভার আকার বৃদ্ধি বা রদবদল হচ্ছে বলে গুঞ্জনের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, এ বিষয়ে এখন পর্যন্ত তার কাছে কোনো তথ্য পৌঁছায়নি। মন্ত্রিসভার বৈঠকে নাট্যকার, নির্দেশক ও অভিনেতা অধ্যাপক মমতাজউদ্দীন আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। এ ছাড়া বাংলাদেশ জাতিসংঘের মর্যাদাপূর্ণ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) সদস্য নির্বাচিত হওয়ায় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানায়।