বিচ্ছেদের পর ফের বিয়ে, স্বামীকে গরম তেলে ঝলসে দিল স্ত্রী!

১৩ বছর সংসার করার পর বিবাহ বিচ্ছেদ হয় দিদার-জহুরা দম্পতির। এরপর তারা উভয়ে অন্যত্র বিয়ে করেন। সেখান থেকে ফিরে আবার বিয়ে করেন দিদার-জহুরা। এরপরও সংসারে শান্তি আসেনি। পারিবারিক কলহের জেরে এবার স্বামীকে গরম তেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে জহুরার বিরুদ্ধে। গতকাল সোমবার সকালে লক্ষ্মীপুরে জেলা শহরের কলেজ রোড এলাকায় দিদার হোসেনের স্ত্রী জহুরা বেগম এ ঘটনা ঘটান বলে জানিয়েছেন স্বজনরা। গুরুতর অবস্থায় দিদারকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দিদার সদর উপজেলার চর রুহিতা গ্রামের আবদুল খালেকের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি।

দিদারের বড় ভাই আকবর হোসেন ও বোন রেহানা আক্তার জানান, ২০০৩ সালে সদর উপজেলার চর রমণী মোহন গ্রামের নুরুল ইসলামের মেয়ে জহুরার সঙ্গে দিদারের বিয়ে হয়। পরে পারিবারিক কলহে ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর দুজনই অন্যত্র বিয়ে করেন। তারা বলেন, এক বছর আগে দিদার ও জহুরা ফের বিয়ে করেন। এরপর জেলা শহরে বাসা ভাড়া নেন। গতকাল পারিবারিক কলহের একপর্যায়ে জহুরা ও তার ভাই আলমগীর হোসেন চুলায় গরম করা তেল তুলে দিদারের শরীরে ঢেলে দেয়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বলেন, দিদারের শরীরের ৪৫ শতাংশ ঝলসে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। 

সদর থানার ওসি আজিজুর রহমান মিয়া জানান, মৌখিক অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত জহুরাকে খুঁজছে পুলিশ। তিনি তার ভাই ও বাবা-মাসহ পলাতক। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।