বিশ্বকাপে চতুর্থ দ্রুততম সেঞ্চুরির কীর্তি মরগানের

বিশ্বকাপে মঙ্গলবার আফগানিস্তানের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩৯৭ রানের স্কোর গড়েছে বিশ্বকাপের স্বাগতিকেরা। ইংলিশ অধিনায়ক ইয়ান মরগান ৭১ বলে খেলেছেন ১৪৮ রানের ইনিংস।

৫৭ বলে সেঞ্চুরি পূরণ করে দারুণ এক কীর্তি গড়েছেন মরগান। ইংলিশ অধিনায়ক এখন বিশ্বকাপে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান।

৩০তম ওভারে জনি বেয়ারস্টো ফেরার পর উইকেটে আসেন মরগান। এসেই ঝড় তোলেন। ৩৬ বলে নিজের অর্ধশতক পূরণ করার পর ৫৭ বলে পূরণ করেন সেঞ্চুরি।

২০১১ সালে ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন। যা বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির কীর্তি। ৫১ বলে গ্লেন ম্যাক্সওয়েল ও ৫২ বলে সেঞ্চুরি আছে এবি ডি ভিলিয়ার্সের। দুটি সেঞ্চুরিই হয়েছিল ২০১৫ বিশ্বকাপে।

মরগান নিজের ইনিংসটি সাজান ৪টি চার ও ১৭টি ছক্কায়। ওয়ানডেতে যা এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার বিশ্ব রেকর্ড। এদিন বিশ্বকাপের যে কোনো আসরে এক ম্যাচে নিজেদের সর্বোচ্চ ছক্কার রেকর্ডও গড়েছে ইংল্যান্ড। সব মিলে ২৫টি ছক্কা মেরেছে ইংলিশরা।