অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গত সোমবার সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের তিন কনস্টেবলকে প্রত্যাহার করে যশোর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তাদের সঙ্গে থাকা ইমিগ্রেশন ক্যাশিয়ার রুহুল আমিনকে হুন্ডির ১২ লাখ টাকাসহ আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। প্রত্যাহার তিন পুলিশ কনস্টেবল হলেন এস কে আযম, রুমা ব্যাপারী ও তৃষা বিশ্বাস।
পুলিশ জানায়, বেনাপোল ইমিগ্রেশন পুলিশে কর্মরত এনজিও সদস্য হিসেবে পরিচিত রুহুল আমিন, তিন পুলিশ সদস্য আযম, রুমা ব্যাপারী ও তৃষা বিশ্বাসকে সঙ্গে নিয়ে পাসপোর্ট ছাড়া মৌখিকভাবে বিজিবি ও বিএসএফকে জানিয়ে কেনাকাটার নাম করে গত সোমবার সন্ধ্যার দিকে ভারতে প্রবেশ করেন। এ সময় কনস্টেবল আযম সাদা পোশাক এবং অন্য দুই পুলিশ সদস্য সরকারি পোশাক পরা ছিলেন।
এর আধাঘণ্টা পর বাংলাদেশে ফেরার সময় ভারতের পেট্রাপোল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের দেহ তল্লাশি করে রুহুল আমিনের ব্যাগে থাকা হুন্ডির ১২ লাখ টাকা উদ্ধার করেন। একপর্যায়ে সমঝোতায় সন্ধ্যা সাড়ে ৬টায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি আবুল বাশারের কাছে বিএসএফ সদস্যরা আটক তিন পুলিশ সদস্যকে তুলে দেন। ইমিগ্রেশন কর্মকর্তা রুহুলকে টাকাসহ আটকে রাখে বিএসএফ।