বিশ্বের প্রতিযোগিতামূলক অর্থনীতি

যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে ১ নম্বরে সিঙ্গাপুর

বিশ্বের প্রতিযোগিতামূলক অর্থনীতি হিসেবে ৯ বছরের মধ্যে প্রথমবারের মতো নড়বড়ে অবস্থান যুক্তরাষ্ট্রের। শক্তিশালী এ অর্থনীতির দেশকে পেছনে ফেলে তার অবস্থান নিয়েছে সিঙ্গাপুর। ৬৩ দেশ নিয়ে করা তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের। তবে পাশের দেশ ভারত রয়েছে শীর্ষ ৪৪ নম্বরে। সুইজারল্যান্ডভিত্তিক আইএমডি বিজনেস স্কুলের আইএমডি ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস র‌্যাঙ্কিং ২০১৯ শিরোনামের সমীক্ষায় উঠে এসেছে এ তথ্য। এতে বলা হয়েছে, সিঙ্গাপুরের উন্নত প্রযুক্তিগত অবকাঠামো, দক্ষ কর্মীর সহজলভ্যতা, অনুকূল অভিবাসন আইন ও ব্যবসা শুরুর কার্যকর ব্যবস্থাই দেশটিকে প্রতিযোগিতামূলক অর্থনীতি হিসেবে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলতে সহায়তা করেছে। কর কর্তন ও উচ্চ প্রযুক্তি রপ্তানি দুর্বল হওয়ায় শীর্ষ অবস্থানটি হারিয়েছে ডোনাল্ড ট্রাম্পের দেশ। সমীক্ষায় এশিয়া মহাসাগরীয় অঞ্চলের ১৪ দেশের মধ্যে ১১টিই তাদের আগের অবস্থান বজায় রেখেছে বা উন্নতি করেছে। প্রতিযোগিতামূলক অর্থনীতির দেশ হিসেবে সিঙ্গাপুরের পর রয়েছে হংকং। তৃতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিরূপণে বিবেচনায় নেওয়া হয়েছে ৪টি ক্যাটাগরিÑ অর্থনীতি, অবকাঠামো, সরকার ও বাণিজ্য দক্ষতা। আইএমডি ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস র‌্যাঙ্কিং ২০১৯ সালের র‌্যাঙ্কিং অনুযায়ী চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম অবস্থানে রয়েছে যথাক্রমে সুইজারর‌্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, ডেনমার্ক, সুইডেন ও কাতার।