মাদারীপুরে আনারস প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ওবায়দুর রহমান কালু খান ৬১ হাজার ৮৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাজল কৃষ্ণ দে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮ হাজার ১৫২ ভোট। ভোটের ব্যবধান ১৩ হাজার ৭২১ ভোট।
মাদারীপুরের ডিএসবি’র সূত্রের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বিষয়টি নিশ্চিত করেছেন।
সর্বশেষ রাত ১০টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পুঙ্খানুপুঙ্খ হিসাব-নিকাশ করার পরই পূর্ণাঙ্গ ফলাফল জানানো হবে।
এদিকে এই উপজেলা পরিষদ নির্বাচনের ১শ’ ১৫টি কেন্দ্রের মধ্যে ১শ’ ১০টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ ঘোষণা করে প্রশাসন। এই নির্বাচনে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। জেলার পুলিশ সদস্যদের না দিয়ে প্রতিটি কেন্দ্রে জেলার বাইরের ১১শ’ পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। ছিল র্যাব, এপিবিএন ও আনসার সদস্যরা। ৫৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন ১১৫টি ভোটকেন্দ্রে।
এই নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে নির্বাচন করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম সমর্থিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে।
অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করেন সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের ছোট ভাই জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট ওবায়দুর রহমান কালু খান।