দেশের সব বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে ‘ডগ স্কোয়াড’ রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া দারিদ্র্যসীমা থেকে দেশের কোন কোন জেলা বের হতে পেরেছে তার একটি ডাটাবেজ তৈরিরও নির্দেশ দিয়েছেন তিনি।
গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশ দেন। সে সময় তিনি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত জয়ে ক্রিকেটারদের ভূয়সী প্রশংসা করেন।
একনেক সভার বিস্তারিত তুলে ধরতে সাংবাদিকদের ব্রিফিং করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা বিভাগের সচিব মো. নূরুল আমিন।
নূরুল আমিন জানান, প্রধানমন্ত্রী বলেন, কুকুরের ঘ্রাণশক্তি অত্যন্ত প্রবল। খুব সহজেই মাদক ও অন্যান্য অবৈধ জিনিস ধরতে পারে। পৃথিবীর অনেক দেশের বিমানবন্দরে ডগ স্কোয়াড ইউনিট আছে। আমাদেরও রাখতে হবে। তিনি আরও
বলেন, একনেক সভায় আরও বেশ কিছু নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। দারিদ্র্যসীমা থেকে কোন কোন জেলা বের হয়ে আসতে পারল তার একটা ডাটাবেজ তৈরির বিষয়েও নির্দেশনা দেন তিনি।
সাকিব ও লিটন দাসের প্রশংসা : ব্রিফিংয়ের শুরুতে পরিকল্পনামন্ত্রী জানান, একনেক সভার শুরুতেই বিশ্বকাপ ক্রিকেটে সোমবারের খেলায় বিজয় লাভ করায় প্রধানমন্ত্রী ক্রিকেটারদের ভূয়সী প্রশংসা করেছেন। সেই সঙ্গে তিনি খেলোয়াড়সহ দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৮ রানে আউট হওয়া তামিম ইকবালের জন্য আফসোস করেন। সেই সঙ্গে সাকিব ও লিটন দাসের প্রশংসাও করেন তিনি।