সংসদে আইনমন্ত্রী

নিম্ন ও উচ্চ আদালতে বিচারাধীন মামলা প্রায় ৩৬ লাখ

দেশের নিম্ন ও উচ্চ আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৩৫ লাখ ৮২ হাজার ৩৪৭ বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী জানান, আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ২১ হাজার ৮১৩টি। এর মধ্যে দেওয়ানি মামলা ১৪ হাজার ২৩, ফৌজদারি মামলা ৭ হাজার ৬৫৫। অন্যান্য মামলার  সংখ্যা ১৩৫। অন্যদিকে হাইকোর্ট বিভাগে বিচারাধীন মামলা ৫ লাখ ৬ হাজার ৬৬৪টি। এর মধ্যে দেওয়ানি ৯৬ হাজার ১১৪, ফৌজদারি ৩ লাখ ১৭ হাজার ৪৪৩ এবং অন্যান্য মামলা ৯৩ হাজার ১০৭। অধস্তন আদালতে বিচারাধীন মামলার মধ্যে দেওয়ানি ১৩ লাখ ২৮ হাজার ৬০০ ও ফৌজদারি ১৭ লাখ ২৫ হাজার ২৭০টি।

আইনমন্ত্রী বলেন, সরকার বিচারপ্রার্থীদের ভোগান্তি লাঘবের জন্য একটি আধুনিক বিচার বিভাগ ও বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের বিচারাধীন মামলার সংখ্যা একটি সহনীয় পর্যায়ে আসবে। আরেক প্রশ্নে আইনমন্ত্রী জানান, দেশের পারিবারিক আদালতে গত ৩১ মার্চ পর্যন্ত বিচারাধীন মামলার সংখ্যা ৫৯ হাজার ৮৬০টি। সবচেয়ে বেশি মামলা ঢাকা জেলায় (৫ হাজার ৫০৯)। বান্দরবান ও খাগড়াছড়িতে এ ধরনের মামলা নেই।