ভাতা ঈদ বোনাসসহ ৩ মাসের বেতন বকেয়া

৪ হাজার অবসরপ্রাপ্ত রেল কর্মচারীর পরিবারে দুর্দশা

পোস্ট অফিসের মাধ্যমে পেনশন (বেতন) নেওয়া পশ্চিমাঞ্চলের প্রায় ৪ হাজার অবসরপ্রাপ্ত রেল কর্মচারী ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন। বৈশাখী ভাতা, ঈদ বোনাসসহ ৩ মাস ধরে পেনশন (বেতন) না পাওয়ায় তারা কষ্টে জীবন যাপন করছেন। আগামী ঈদুল আজহার আনন্দ এবার মøান হবে কি না, এ শঙ্কায় রয়েছেন তারা।

ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বৈশাখী ভাতা, ৩ মাস ধরে বেতন ও ঈদ বোনাস না পাওয়ায় এবার ঈদুল ফিতরের আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন এসব কর্মকর্তা-কর্মচারীসহ তাদের পরিবারের সদস্যরা। এখন আশঙ্কা করছেন চলতি ও আগামী মাসের বেতন এবং ঈদুল আজহার বোনাস পাবেন কি না।

রেলসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের প্রায় ৪ হাজার অবসরপ্রাপ্ত রেল কর্মচারী সান্তাহারের পোস্ট অফিস থেকে বেতন গ্রহণ করেন। তারা বৈশাখী ভাতা, ঈদ বোনাসসহ ৩ মাস ধরে পেনশন (বেতন) পান না।

সান্তাহার রেলওয়ের নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্ত প্রহরী আবদুস ছামাদ বলেন, আমাদের সংসার চলছে না, ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ দিতে পারছি না, এতে তাদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে।

রেলওয়ের সান্তাহারের অবসরপ্রাপ্ত খালাসি হাফিজার রহমান বলেন, পোস্ট অফিসে সহজেই পেনশন পাব আশা করে সেখানে পেনশন চালু করেছি। কিন্তু সেখান থেকে সঠিক সময়ে পেনশন পাচ্ছি না। সংসারও চলছে না। ঈদুল ফিতরে সবার ঘরে আনন্দ থাকলেও আমাদের ঘরে ছিল না। চলতি মাস ও আগামী মাসের বেতন পাব কি না, জানি না। ঈদুল আজহায় ঘরে আনন্দ হবে কি না, সেটিরও নিশ্চয়তা নেই।

সান্তাহার স্টেশনমাস্টার রেজাউল করিম ডালিম বলেন, পোস্ট অফিসের গাফিলতির কারণে অবসরপ্রাপ্ত কর্মচারীরা সময়মতো পেনশনের টাকা পাচ্ছেন না।

এ বিষয়ে রাজশাহী প্রধান পোস্ট অফিসের এপিএম মনিরা পারভীন মুঠোফোনে জানান, এ ক্ষেত্রে পোস্ট অফিসের কোনো গাফিলতি নেই। রেলওয়ে সংশ্লিষ্ট দপ্তর সময়মতো টাকা দিতে না পারায় আমরা প্রতি মাসের টাকা পাঠাতে পারি না। টাকা হাতে আসামাত্র আমরা সংশ্লিষ্ট পোস্ট অফিসের শাখায় পাঠিয়ে দিই।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক এ কে এম শহিদুল ইসলাম বলেন, রেলওয়ে রাজশাহী অঞ্চলের এফঅ্যান্ডসিও না থাকায় এ ধরনের জটিলতার সৃষ্টি হতে পারে। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে ব্যবস্থা নেওয়া হবে।