নাটোরে কৃষককে জবাই করে হত্যা

নাটোরের সিংড়ায় আছের আলী প্রামাণিক (৫০) নামের এক কৃষককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার গভীর রাতের কোন এক সময় বামিহাল-তাড়াই রাস্তায়  কৈডালা শ্মশানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আছের আলী প্রামাণিক উপজেলার ডাহিয়া ইউনিয়নের তাড়াই গ্রামের মৃত রবি প্রামাণিকের ছেলে।

সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) জামিল আকতার ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, কৃষক আছের আলী প্রামাণিক মঙ্গলবার ভোরে নিজের পুকুরের মাছ বিক্রয় করতে চান্দাইকোনা যান। পরে রাত সাড়ে ৮টার দিকে তাড়াই বাজারে তাকে ঘোরাঘুরি করতে দেখেন এলাকাবাসী। এর পর বুধবার সকালে ওই শ্মশানে তার জবাই করা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম জানান, নিহত আছের আলী গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডাহিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ছিলেন। তিনি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি করেন।

সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।