কুপারের বিচ্ছেদের কারণ গাগা!

হলিউড তারকাদের ব্যক্তিগত জীবনের উত্থান-পতনটা অনেক বেশি। কাউকে আজীবনের সঙ্গী হিসেবে পথচলার শপথ নিলেও সব সময় তা হয়ে ওঠে না। এই যেমন কিছুদিন আগেই ব্র্যাডলি কুপার ও ইরিনা শায়েকের বিচ্ছেদ হয়েছে। কিছুদিন আগেও দুজন হাতে হাত রেখে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতেন। কিন্তু ব্রিটিশ বিভিন্ন গণমাধ্যমের দাবি, পপ তারকা লেডি গাগার কারণেই এ জুটি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। পিপলস ম্যাগাজিনের দাবি, আ স্টার ইজ বর্ন সিনেমাটি বাস্তবে ব্র্যাডলি ও ইরিনার সম্পর্কে অনেক প্রভাব বিস্তার করেছিল।

সংবাদমাধ্যমটির বরাত দিয়ে তাদের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, এ সিনেমার প্রচার-প্রচারণায় অংশ নিতে ব্র্যাডলি ও গাগা নানা স্থানে একসঙ্গে গিয়েছেন। মূলত এ সময়ই নাকি তাদের মধ্যকার প্রেমের সম্পর্কের বিষয়টি নিয়ে কথাবার্তা চাউর হয় এবং ইরিনার সঙ্গে ব্র্যাডলির সংকট শুরু হয়। যদিও ‘আ স্টার ইজ বর্ন’ সিনেমাতে ব্র্যাডলি-গাগা দুর্দান্ত পারফর্ম করেছেন, অস্কারও জিতেছেন। মূলত এ সিনেমার কারণেই ব্র্যাডলির দাম্পত্য জীবনে সংকট শুরু হয়। অবশ্য এর আগে যখন গুঞ্জন উঠেছিল, গাগা-ব্র্যাডলি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন, তখন সহাস্যে তা অস্বীকার করেছিলেন লেডি গাগা।  উল্লেখ্য, ব্র্যাডলি কুপার ও রাশিয়ান মডেল ইরিনা শায়েকের দুই বছরের এক কন্যাসন্তান রয়েছে। আইনগত বিষয়াদি মেনেই তারা সন্তানকে বড় করে তোলার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন।