কমিটি করতে নিজের নয়, দলের লোক খুঁজবেন : কাদের

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগে তৃণমূলের মেয়াদোত্তীর্ণ সব কমিটি করার নির্দেশনা জানিয়ে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেনÑ এসব কমিটি করতে গিয়ে নিজের লোক খুঁজবেন না, দলের লোক খুঁজবেন। গতকাল বুধবার ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

অতীতে দলের জাতীয় সম্মেলন নিয়ে এক ধরনের জটলা দেখা দিলেও ২০০৯ সাল থেকে বলা যায় নিয়মিতই সম্মেলন করে আসছে আওয়ামী লীগ। তারই ধারাবাহিকতায় এবারও আগামী অক্টোবরের মধ্যে সম্মেলন করার সর্বাত্মক প্রস্তুতি চলছে দলটিতে।

ওবায়দুল কাদের বলেন শুধু সহযোগী সংগঠন নয়, আওয়ামী লীগের জেলা, মহানগর, উপজেলা, থানা শাখা সংগঠনের যেসব কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে তাদের নিজ নিজ সম্মেলন সম্পন্ন করার জন্য কেন্দ্র থেকে নোটিস দিয়ে নির্দেশনা দিয়েছি। কমিটি দিতে গিয়ে ‘নিজের লোক’ না খোঁজার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, কেউ নিজের থাকবে না। সবাই আওয়ামী লীগের, সবাই শেখ হাসিনার সঙ্গে থাকবে। দুঃসময়ে দলের নেতাকর্মীদের অবহেলা না করার আহ্বান জানিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা অসহায়-অসচ্ছল তাদের পাশে দাঁড়ান। বিএনপি চেয়ারপারসনের কারামুক্তি প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তি কেবল আদালতই দিতে পারে। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। আওয়ামী লীগ সরকার কখনোই আদালতের ওপর হস্তক্ষেপ করে না। বিএনপির এমন সব অভিযোগ হাস্যকর।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতুল্লাহ, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সাদেক খান।