জব্দ করা সম্পদ ফিরে পেতে হাইকোর্টে আবেদন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি নুরুল হক ভুট্টো। সম্প্রতি কক্সবাজার জেলা জজ আদালতের নির্দেশে ভুট্টোর দুটি বিলাসবহুল বাড়ি ও প্রায় ছয় কোটি টাকার সম্পদ জব্দ করা হয়। গতকাল বুধবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর আংশিক শুনানি হয়। দেশ রূপান্তরকে বিষয়টি জানিয়েছেন ওই বেঞ্চের রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
তিনি আরও জানান, আংশিক শুনানি নিয়ে আদালত পরবর্তী শুনানির জন্য আগামী ২৫ জুন ধার্য করেছে। মানি লন্ডারিং আইনের একটি মামলার তদন্তকালে ভুট্টোর বিরুদ্ধে ইয়াবা কারবারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন, মাদক কারবার ও বিপুল সম্পদের তথ্য পাওয়া যায়। এ মামলায় পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৫ মার্চ কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত এক আদেশে ভুট্টো ও তার পরিবারের সম্পদ জব্দের নির্দেশ দেয়।
২০১৭ সালের ২৯ আগস্ট ভুট্টোকে গ্রেপ্তার করে পুলিশ। ২০১৮ সালের ২৮ মার্চ হাইকোর্ট থেকে জামিন পান তিনি। এরপর কারামুক্তি পেয়ে বিচারিক আদালতে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেন তিনি। এ মামলার অন্য আসামি ভুট্টোর ভাই ইয়াবা কারবারি নুর মোহাম্মদকে গত ২১ মার্চ গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন তিনি।